কক্সবাজার চকরিয়ার সড়কে ডাকাতি: হামলায় মাংস বিক্রেতা মজিদ নিহত-আহত ৩
কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের শাহ ওমর মাজার সংলগ্ন সড়কে সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় আব্দুল মজিদ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
গত (২১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে শাহ ওমর মাজার সংলগ্ন বৃটিশ আমেরিকান টোব্যাকো অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদ কাকারা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কসাইপাড়া এলাকার বাসিন্দা ও ফকির আহমদের পুত্র। তিনি পেশায় মাংস বিক্রেতা ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে তামাক চুল্লিতে কাজ শেষে কয়েকজন শ্রমিক বাড়ি ফেরার পথে ডাকাত দলের কবলে পড়েন। এ সময় ডাকাতরা অতর্কিত হামলা চালায়। হামলায় আব্দুল মজিদ গুরুতর আহত হন এবং আরও তিনজন শ্রমিক আহত হন। একজন শ্রমিক কোনোভাবে পালিয়ে গিয়ে প্রাণে রক্ষা পান।
পরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠান। গুরুতর আহত আব্দুল মজিদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্থানীয়দের দাবি, গত কয়েকদিন ধরেই এলাকায় ডাকাত চক্র সক্রিয় ছিল। ছোট ছোট কয়েকটি ডাকাতির ঘটনাও ঘটেছে বলে তারা জানিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগে থেকে আরও তৎপর হলে এমন মর্মান্তিক ঘটনা এড়ানো যেত বলে অভিযোগ করেন অনেকে।
ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও এলাকায় টহল জোরদারের দাবি জানিয়েছেন।
মতামত দিন