• ২০২৬ ফেব্রুয়ারী ২৪, মঙ্গলবার, ১৪৩২ ফাল্গুন ১১
  • সর্বশেষ আপডেট : ০৫:০২ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেটে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, টাকা দিয়ে ধামাচাপার চেষ্টার অভিযোগ

  • প্রকাশিত ০৫:০২ পূর্বাহ্ন মঙ্গলবার, ফেব্রুয়ারী ২৪, ২০২৬
সিলেটে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, টাকা দিয়ে ধামাচাপার চেষ্টার অভিযোগ
File
সিলেট অফিস ক্যামেরা ম্যান নাহিদ

সিলেটে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, টাকা দিয়ে ধামাচাপার চেষ্টার অভিযোগ


সিলেটে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর ঘটনায় টাকা দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে নগরীর মধুশহীদ এলাকার শাহজালাল ক্লিনিক-এ এ ঘটনা ঘটে।

শিশুটির পরিবার সূত্রে জানা যায়, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ৪ বছর বয়সী এক শিশুর প্রায় ৯ মাস আগে ভাঙা পায়ে পাত (প্লেট) লাগানো হয়।

 রোববার সেই পাত খুলতে ক্লিনিকে নেওয়া হলে সুস্থ শিশুটিকে অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়। কিছু সময় পর ক্লিনিক কর্তৃপক্ষ শিশুটিকে দ্রুত অন্য একটি ক্লিনিকে আইসিইউতে ভর্তির জন্য পাঠায়। তবে সেখানে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসকরা জানান, শিশুটি আগেই মারা গেছে।

এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা দ্রুত শাহজালাল ক্লিনিক-এ ফিরে আসেন। অভিযোগ রয়েছে, ক্লিনিকের এক ম্যানেজার অভিভাবকদের হাতে ১০ হাজার টাকা দিয়ে দ্রুত স্থান ত্যাগ করতে বলেন। তবে স্বজনরা বিষয়টি মেনে না নিয়ে আত্মীয়-স্বজনদের ডেকে এনে ক্লিনিকের ম্যানেজারসহ সংশ্লিষ্টদের ঘেরাও করেন।

একপর্যায়ে উত্তেজিত জনতা ভাঙচুরেরও চেষ্টা চালায়।

শিশুটির মা গণমাধ্যমকে বলেন, “একটি ইনজেকশন ৬ বার দেওয়া হয়েছে। এরপর পাত খোলার সময় আমার সন্তান জোরে চিৎকার করে আমার কোলে ঢলে পড়ে। পরে তাকে আইসিইউতে নিতে বললে আমরা নিয়ে যাই। কিন্তু সেখানে ভর্তি নেয়নি, বলে আমার বাচ্চা আর নেই।”

ক্লিনিকের ম্যানেজার পরিচয়ে এক ব্যক্তি গণমাধ্যমের প্রশ্নের জবাবে জানান, তিনি ব্যক্তিগতভাবে ১০ হাজার টাকা অ্যাম্বুলেন্স ভাড়া হিসেবে দিয়েছেন।

রাত সাড়ে ১২টার দিকে কোতোয়ালী থানা-র ওসি মাঈনুল জাকির বলেন, “ওখানে চিকিৎসাধীন একটি শিশুর মৃত্যুর খবর পেয়েছি। স্বজনরা ঘেরাও করেছেন।

অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তিনি জানান, থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে এবং উভয় পক্ষের সঙ্গে কথা বলে।

উল্লেখ্য, শিশুটির অপারেশনের দায়িত্বে ছিলেন ডা. শেখ তানভির আহমেদ তালুকদার।

এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহানগর শাখার সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন।

সর্বশেষ