জৈন্তাপুরে ট্রাক চাপায় পুলিশ অফিসার নিহত, আহত ১
সিলেটের জৈন্তাপুরে দায়িত্ব পালনকালে বালুবাহী ট্রাকের ধাক্কায় পুলিশের এক উপ-সহকারী পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক এএসআই আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ২৭ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে উপজেলার দরবস্ত এলাকায় । জৈন্তাপুর মডেল থানায় কর্মরত এএসআই সোহেল রানা ও এএসআই আতিকুর রহমান থানার বিভিন্ন তদন্ত কার্যক্রম, গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে ৪নং দরবস্ত ইউনিয়নের দিকে রওয়ানা হন। ৪নং দরবস্ত ইউনিয়নের টেংরা বারাইকান্দি এলাকায় এসএসকেএস ক্লিনিকের কাছে যাওয়ার পর সিলেটগামী একটি বালুবাহী ট্রাক (রেজি: চট্ট মেট্রো-ট-১২-০৯৯২) পেছন দিক থেকে তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এএসআই আতিকুর রহমান গুরুতর আহত হন এবং এএসআই সোহেল রানা-২ সামান্য আহত হন। খবর পেয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) ওসমান গনি সহ অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক এএসআই আতিকুর রহমানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার্ড করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে এএসআই আতিকুর রহমান মারা যান। নিহত এএসআই আতিকুর রহমানের বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার গড়বিশুদিয়া গ্রামের মোঃ সামছুল হকের ছেলে। এ ঘটনায় জড়িত ট্রাকচালক মঞ্জুর হোসেন (৪১) ও হেলপার ফয়সাল (২১)-কে ট্রাকসহ আটক করা হয়েছে। আটককৃতরা যথাক্রমে ফেনীর দাগনভূঞা ও ফেনী সদর থানার বাসিন্দা। এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত দিন