ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হওয়া মার্কিন সামরিক বাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমানের ছয়জন ক্রু সদস্যই নিহত হয়েছেন। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, দুর্ঘটনায় বিধ্বস্ত কেসি-১৩৫ মডেলের বিমানটিতে থাকা ছয়জন ক্রু সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঘটনাটি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, শত্রুপক্ষের আক্রমণ কিংবা নিজস্ব বাহিনীর গুলিতে নয়, অন্য কোনো কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
তবে নিহতদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। মার্কিন সামরিক বাহিনীর নিয়ম অনুযায়ী, নিহতদের পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে জানানো শেষ হওয়ার অন্তত ২৪ ঘণ্টা পর তাদের পরিচয় জনসমক্ষে প্রকাশ করা হবে।
এর আগে শুক্রবার সকালে মার্কিন সামরিক কর্তৃপক্ষ জানিয়েছিল, দুর্ঘটনায় চারজন ক্রু সদস্য নিহত হয়েছেন এবং নিখোঁজ বাকি দুইজনের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। পরে তল্লাশি ও অনুসন্ধান শেষে নিশ্চিত হওয়া যায়, বিমানটিতে থাকা ছয়জন ক্রু সদস্যই প্রাণ হারিয়েছেন।
সূত্র: এপি
মতামত দিন