নারী কেলেঙ্কারির অভিযোগে হুগড়া ইউনিয়নের ইউপি সদস্য নাজিম উদ্দিন মন্ডল।
টাঙ্গাইল প্রতিনিধি:
নারী কেলেঙ্কারির গুরুতর অভিযোগে টাঙ্গাইল সদর উপজেলার ১০নং হুগড়া ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি সদস্য নাজিম উদ্দিন মন্ডলকে মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, নাজিম উদ্দিন তার নিজ ওয়ার্ডের দক্ষিণ ধুলবাড়ী এলাকার অসহায় দিনমজুর শহিদুল ইসলামের স্ত্রী রেখা বেগমকে নিজের স্ত্রী দাবি করে গত ৩১ মার্চ ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে সশস্ত্র সহযোগীদের নিয়ে শহিদুলের বাড়িতে হামলা চালায়। এসময় তারা জোরপূর্বক দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং ওই গৃহবধূকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভুক্তভোগী পরিবার এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত নাজিম উদ্দিনের অবস্থান শনাক্ত করে মুন্সিগঞ্জ থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
এদিকে, এ ধরনের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মতামত দিন