২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, সাড়ে চার মাসে প্রাণহানি ৮২৮
দেশে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত শিশুর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৮ জনে।
মঙ্গলবার (২৮ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম বিভাগে দুই শিশু এবং রাজশাহী বিভাগে একজন শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৭৯৯ জন শিশু আক্রান্ত হয়েছে। এছাড়া পরীক্ষায় ১০৫ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ১ লাখ ২৫ হাজার ৫৪৪ জন শিশু। তাদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ১৫ হাজার ৬৬০ জনের হাম নিশ্চিত হয়েছে।
এদিকে একই সময়ের মধ্যে ১ লাখ ৮ হাজার ৪৪১ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ১ লাখ ৪ হাজার ২৩৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, এ পর্যন্ত হামের উপসর্গে ৭৩৩ জন এবং সরাসরি হামে আক্রান্ত হয়ে ৯৫ জন শিশুর মৃত্যু হয়েছে। সংস্থাটি অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময়ে হামের টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, র্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছে।
মতামত দিন