• ২০২৬ অগাস্ট ০২, রবিবার, ১৪৩৩ শ্রাবণ ১৭
  • সর্বশেষ আপডেট : ০৪:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মেট্রোর দুই স্টেশনে সন্দেহজনক ব্যাগ, তল্লাশিতে মিলল জর্দার কৌটা ও পান

  • প্রকাশিত ০৪:০৮ পূর্বাহ্ন রবিবার, অগাস্ট ০২, ২০২৬
মেট্রোর দুই স্টেশনে সন্দেহজনক ব্যাগ, তল্লাশিতে মিলল জর্দার কৌটা ও পান
Time Bangla news
মোঃ সেলিম মিয়া বিশেষ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

মেট্রোর দুই স্টেশনে সন্দেহজনক ব্যাগ, তল্লাশিতে মিলল জর্দার কৌটা ও পান


রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে উদ্ধার হওয়া দুটি সন্দেহজনক ব্যাগে কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু পাওয়া যায়নি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পরীক্ষা-নিরীক্ষায় বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্বস্তি ফিরে আসে যাত্রীদের মধ্যে।

শনিবার (১ আগস্ট) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে পড়ে থাকা ব্যাগটি প্রথমে এক্স-রে স্ক্যান করা হয়। স্ক্যানে একটি কৌটার মতো বস্তু দেখা গেলে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ব্যাগটি খুলে পরীক্ষা করে। পরে দেখা যায়, ব্যাগের ভেতরে রয়েছে একটি জর্দার কৌটা ও পান। সেখানে কোনো বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু ছিল না।

একই সময়ে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি পিলারের পাশে পড়ে থাকা সন্দেহজনক বস্তাও পরীক্ষা করে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। তল্লাশির পর নিশ্চিত হওয়া যায়, সেটিতেও কোনো বিস্ফোরক বা ঝুঁকিপূর্ণ উপাদান নেই।

ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে মিরপুর-১০ ও ফার্মগেট স্টেশনে সাময়িকভাবে কার্যক্রম স্থগিত রাখা হয় এবং ওই সময় মেট্রোরেল দুটি স্টেশনে যাত্রাবিরতি দেয়নি। পরে নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

পুলিশ জানায়, মেট্রোরেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে এবং সিটিটিসির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট দ্রুত অভিযান চালায়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, সন্দেহজনক ব্যাগটি ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পর বিশেষজ্ঞ দল পরীক্ষা চালিয়ে কোনো ঝুঁকিপূর্ণ বস্তু পায়নি।

অন্যদিকে, তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, ফার্মগেট এলাকায় উদ্ধার হওয়া সন্দেহজনক বস্তাটিও পরীক্ষা শেষে নিরাপদ বলে নিশ্চিত হওয়া গেছে।

ডিএমপি জানিয়েছে, এ ঘটনায় জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সর্বশেষ