কক্সবাজার মহাসড়কে চলন্ত বাসে দুর্ধর্ষ ডাকাতি, বিকাশের দুই সেলসম্যানকে কুপিয়ে ৫৭ লাখ টাকা ছিনতাই
কক্সবাজারের টেকনাফ মহাসড়কে চলন্ত পালকি বাসে দুর্ধর্ষ ডাকাতি, এ সময় বিকাশের দুই সেলসম্যানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাদের কাছ থেকে প্রায় ৫৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।
রবিবার দুপুরের টেকনাফ- কক্সবাজার মহাসড়কের ১৪ নম্বর ব্রিজ সংলগ্ন বেদ বাগান এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন টেকনাফের দক্ষিণ জালিয়াপাড়ার আরমান (২৮), পিতা: হাসান এবং সাবরাং কাটাবনিয়ার একরাম (২৩), পিতা: মোহাম্মদ সৈয়দ। তারা দুজনই বিকাশের সেলসম্যান হিসেবে কর্মরত।
আহত আরমানের চাচা জাফর জানান, ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর টেকনাফ থেকে পালকি বাসে করে হ্নীলার বিকাশের দোকানে টাকা পৌঁছে দিতে যাচ্ছিলেন আরমান ও একরাম। পথে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের ১৪ নম্বর ব্রিজ সংলগ্ন বেদ বাগান এলাকায় আগে থেকেই ওঁৎ পেতে থাকা ডাকাত দলের সদস্যরা মহাসড়কে গাছ ফেলে বাসটির গতিরোধ করে। প্রায় ৫৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাস থামার পর দেশীয় অস্ত্র ও ধারালো চাকু নিয়ে ডাকাতরা বাসে উঠে বিকাশের দুই কর্মীকে লক্ষ্য করে হামলা চালায়। এ সময় আরমান ও একরামকে চাকু দিয়ে আঘাত করে তাদের কাছে থাকা প্রায় ৫৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ডাকাত দলের সদস্যরা।
ঘটনার খবর পেয়ে পুলিশ, বিজিবি, কোস্ট গার্ড ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান। এ সময় ডাকাতদের ফেলে যাওয়া কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে ডাকাতরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, ডাকাত দলের সদস্যদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনাটি তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মতামত দিন