• ২০২৬ অগাস্ট ০৫, বুধবার, ১৪৩৩ শ্রাবণ ২১
  • সর্বশেষ আপডেট : ০২:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর বাসায় পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজি, অস্ত্রসহ গ্রেপ্তার ১

  • প্রকাশিত ০৮:০৮ পূর্বাহ্ন বুধবার, অগাস্ট ০৫, ২০২৬
নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর বাসায় পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজি, অস্ত্রসহ গ্রেপ্তার ১
অস্ত্র সহ গ্রেপ্তার আসামি আনোয়ার হোসেন টিটু
সাজ্জাদ হোসেন

নোয়াখালীর মাইজদীতে দুবাইপ্রবাসীর স্ত্রীর বাসায় পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, নগদ টাকা ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের ভয় দেখিয়ে ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন, ৪০ পিস ইয়াবা, নগদ ২৭ হাজার টাকা, দুটি মোবাইল ফোন এবং ঘটনায় ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হক ম্যানশনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অপর তিন সহযোগী পালিয়ে যায়।

গ্রেপ্তার ব্যক্তি আনোয়ার হোসেন টিটু (৩১)। তিনি বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাহানাবাদ গ্রামের ছোট খামারবাড়ির নুর আলমের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র, বিস্ফোরক, মাদক, চুরি ও জখমসহ সাতটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, চাঁদাবাজির খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর এবং সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল হক ম্যানশন ঘেরাও করে। ভবনের সিঁড়িতে সন্দেহভাজন অবস্থায় আনোয়ার হোসেন টিটুকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন, ৪০ পিস ইয়াবা এবং নগদ ২৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরে পুলিশ তাকে সঙ্গে নিয়ে ভবনের চারতলার একটি বাসায় গেলে ভুক্তভোগী নাঈমা আক্তার (১৮) ও তার পরিবারের সদস্যরা জানান, প্রায় এক ঘণ্টা আগে টিটুসহ চারজন তাদের বাসায় প্রবেশ করে অস্ত্রের মুখে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে পরিবারের সদস্যদের প্রাণনাশের ভয় দেখিয়ে জোরপূর্বক ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে স্বাক্ষর নেয় এবং বাসা থেকে ২৭ হাজার টাকা নিয়ে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে টিটুর তিন সহযোগীর মধ্যে তিনজন পালিয়ে গেলেও টিটু ধরা পড়ে। ঘটনাস্থলের নিচে রাখা অভিযুক্তদের ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন। এছাড়া পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ