দিনাজপুর প্রতিনিধি: আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে দিনাজপুর জেলা বিএনপি। মঙ্গলবার বিকেলে শহরের জেল রোডে অবস্থিত জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন। সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি খালেকজ্জামান বাবু, মাহবুব আহমেদ, হাসানুজ্জামান উজ্জ্বলসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। এ দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে আগামী ৬ আগস্ট বিকেলে জুলাই স্মৃতিস্তম্ভ চত্বর থেকে জেলা বিএনপির উদ্যোগে একটি বিজয় মিছিল বের করার সিদ্ধান্ত গৃহীত হয়। কর্মসূচি সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সভায় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতামত দিন