ওমর ফারুক ★ কুমিল্লা জেলা প্রতিনিধ।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফেনীতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল। কর্মসূচির অংশ হিসেবে প্রতীকী আদালত বসিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীসহ আওয়ামী লীগের ছয় নেতার বিরুদ্ধে প্রতীকী ফাঁসির রায় ঘোষণা করা হয়। পরে সেই রায় অনুযায়ী তাদের প্রতীকী ফাঁসিও কার্যকর করা হয়। গতকাল মঙ্গলবার (০৪ আগস্ট) রাতে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী, দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, শহীদ মিনারের বেদিতে একটি প্রতীকী আদালত স্থাপন করা হয়। সেখানে বিচারক, রাষ্ট্রপক্ষের আইনজীবী, সাক্ষী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আসামিপক্ষের কাঠগড়ার প্রতীকী উপস্থাপনা করা হয়। রাষ্ট্রপক্ষ মহিপালের হত্যাকাণ্ড-সংক্রান্ত সাক্ষ্য ও আলোকচিত্র উপস্থাপন করার পর প্রতীকী আদালত শেখ হাসিনা, নিজাম উদ্দিন হাজারী, আলাউদ্দিন নাসিম, মাসুদ উদ্দিন চৌধুরী, শুসেন চন্দ্র শীল ও স্বপন মিয়াজির বিরুদ্ধে প্রতীকী ফাঁসির রায় ঘোষণা করে। পরে প্রতীকীভাবে সেই রায় কার্যকর করা হবে। বক্তব্যে শেখ ফরিদ বাহার বলেন, শেখ হাসিনা সম্প্রতি ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার কথা বলেছেন। একইভাবে নিজাম উদ্দিন হাজারীও দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, "বাংলাদেশে প্রবেশের সবচেয়ে কাছের স্থান বিলোনীয়া। আমরা সেখানে মালা নিয়ে অপেক্ষা করব। আসুন, আপনাদের যথাযথ 'মেহমানদারি' করা হবে।”
তিনি আরও অভিযোগ করেন, ২০২৪ সালের ৪ আগস্ট মহিপালে নিজাম উদ্দিন হাজারী ও তার অনুসারীরা নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। সেই ঘটনায় ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধার ও লাইসেন্স বাতিলের দাবি জানানো হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। পাশাপাশি মহিপালসহ ফেনীর বিভিন্ন হত্যাকাণ্ডের মামলার বিচারকাজও প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। প্রধান অতিথি আবু তালেব বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের হত্যার বিচার দেখতে চায় ফেনীবাসী। জেলা ছাত্রদলের প্রতীকী বিচারের মতো বাস্তবেও দ্রুত বিচার সম্পন্ন হওয়া প্রয়োজন। প্রয়োজনে আইনি সহায়তার মাধ্যমে মহিপালের হত্যাকাণ্ডের বিচার ত্বরান্বিত করতে জেলা বিএনপি উদ্যোগ নেবে বলেও জানান তিনি।
জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মতামত দিন