• ২০২৬ অগাস্ট ১৭, সোমবার, ১৪৩৩ ভাদ্র ২
  • সর্বশেষ আপডেট : ০৫:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কাতারে আটক তিন ইরানি পাইলটের বিষয়ে রেড ক্রসের সহযোগিতা চেয়েছে তেহরান

  • প্রকাশিত ০৫:০৮ অপরাহ্ন সোমবার, অগাস্ট ১৭, ২০২৬
কাতারে আটক তিন ইরানি পাইলটের বিষয়ে রেড ক্রসের সহযোগিতা চেয়েছে তেহরান
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

কাতারে আটক তিন ইরানি পাইলটের বিষয়ে রেড ক্রসের সহযোগিতা চেয়েছে তেহরান


কাতারে আটক তিন ইরানি পাইলটের বর্তমান অবস্থা জানতে এবং তাদের সঙ্গে যোগাযোগের সুযোগ নিশ্চিত করতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) হস্তক্ষেপ চেয়েছে ইরান। এ বিষয়ে আইসিআরসির প্রেসিডেন্ট মারিয়ানা স্পোলিয়ারিচের কাছে লিখিত আবেদন জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর নিখোঁজ ব্যক্তিদের সন্ধানবিষয়ক কমিটির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মোহাম্মদ বাকেরজাদে।

ইরানের সংবাদমাধ্যম পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, আইসিআরসি প্রেসিডেন্টকে পাঠানো চিঠিতে বাকেরজাদে কাতারে আটক তিন ইরানি পাইলটের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে তাদের শারীরিক ও মানসিক অবস্থার বিষয়ে নিরপেক্ষভাবে তথ্য সংগ্রহের আহ্বান জানান তিনি।

চিঠিতে বলা হয়, ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার পর আত্মরক্ষার অংশ হিসেবে ইরানি বিমানবাহিনী কাতারে থাকা শত্রুপক্ষের সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালায়। এরই ধারাবাহিকতায় ২ মার্চ দুটি সুখোই-২৪ যুদ্ধবিমান কাতারের সামরিক লক্ষ্যবস্তুর দিকে যায়।

অভিযান শেষে ফেরার সময় যুদ্ধবিমান থেকে চার ইরানি পাইলটকে ইজেক্ট করতে হয়। তাদের মধ্যে মাজিদ কাজেমি নিহত হন। অপর তিন পাইলট—জাওয়াদ সালেহি, আবদুল মজিদ দাশতিয়ান ও ইমরান বেহরুশিয়ান—কাতারে আটক হন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ইরানের ওই কর্মকর্তা দাবি করেন, পাইলটদের আটকের প্রায় ছয় মাস পার হলেও তাদের সঙ্গে পরিবারের সদস্য, ইরানি সংশ্লিষ্ট কর্মকর্তা কিংবা অন্য প্রতিনিধিদের সাক্ষাৎ ও যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি। বিষয়টি কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও এখনো প্রত্যাশিত অগ্রগতি হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

বাকেরজাদে আন্তর্জাতিক মানবিক আইন ও তৃতীয় জেনেভা কনভেনশনের কয়েকটি বিধানের কথা তুলে ধরে বলেন, আটক ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ, নিজেদের অবস্থার বিষয়ে তথ্য জানানোর অধিকার এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ থাকা উচিত।

চিঠিতে তিনি আরও দাবি করেন, আটক পাইলটদের বিষয়ে কাতার কর্তৃপক্ষের আচরণ জেনেভা কনভেনশনের বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এ অবস্থায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটিকে দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর নিখোঁজ ব্যক্তিদের সন্ধানবিষয়ক কমিটির প্রধান। তিনি আটক তিন পাইলটের সঙ্গে আইসিআরসির প্রতিনিধিদের সাক্ষাতের ব্যবস্থা, তাদের স্বাস্থ্য ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন এবং তাদের মুক্তির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান।

সর্বশেষ