নোয়াখালীর বেগমগঞ্জে গায়ে হলুদের অনুষ্ঠানে ভিডিও ধারণ করতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন আহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত সোয়া ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—নজরুল ইসলাম শান্ত, মারুফ আহমেদ, জসিম উদ্দিন, সাকিব হোসেন ও বাবলু। স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আহত নজরুল ইসলাম শান্ত জানান, তিনটি মোটরসাইকেল ও দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে কয়েকজন নারীসহ তারা একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে ভিডিও ধারণের জন্য যাচ্ছিলেন। পথে পেছন থেকে তাদের মোটরসাইকেল লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এতে তারা মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যান। পরে তাদের সঙ্গে থাকা পাঁচজনের মাথা, হাত ও পিঠে গুলি লাগে।
নজরুল ইসলাম শান্তের দাবি, হামলাকারীদের মধ্যে স্থানীয় হারুন ও পিচ্চি রিয়াদকে তিনি চিনতে পেরেছেন। এ সময় পিচ্চি রিয়াদ তাকে ‘জামায়াত-শিবির করি’ বলে মন্তব্য করে পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেয় বলেও অভিযোগ করেন তিনি।
স্থানীয় একাধিক সূত্র জানায়, হারুন ও রায়হানের মধ্যে পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তাদের দাবি, হারুন ও তার সহযোগীরা গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়া ব্যক্তিদের রায়হানের লোকজন মনে করে গুলি চালিয়েছে।
তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত হারুন ও পিচ্চি রিয়াদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, মোটরসাইকেল আরোহীদের পেছন থেকে গুলি করা হলে তিনজন ছররা গুলিতে আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন