• ২০২৬ অগাস্ট ২৩, রবিবার, ১৪৩৩ ভাদ্র ৭
  • সর্বশেষ আপডেট : ০৪:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

চা বিক্রেতা বাবার মেয়ের অবিশ্বাস্য সাফল্য, ছাতকের রুহির হাতে ৭৫ লাখ টাকার স্কলারশিপ

  • প্রকাশিত ০৪:০৮ পূর্বাহ্ন রবিবার, অগাস্ট ২৩, ২০২৬
চা বিক্রেতা বাবার মেয়ের অবিশ্বাস্য সাফল্য, ছাতকের রুহির হাতে ৭৫ লাখ টাকার স্কলারশিপ
File
মোঃ তাজিদুল ইসলাম:

চা বিক্রেতা বাবার মেয়ের অবিশ্বাস্য সাফল্য, ছাতকের রুহির হাতে ৭৫ লাখ টাকার স্কলারশিপ

 

অভাব-অনটনের সংসার। জীবিকার তাগিদে নদীতে নৌকা নিয়ে ঘুরে ঘুরে চা বিক্রি করেন বাবা। সেই চা বিক্রির আয়েই চলে সংসার। সীমিত সামর্থ্যের মধ্যেও মেয়ের পড়াশোনার স্বপ্নকে থামতে দেননি বাবা। তাঁর সেই ত্যাগ ও সংগ্রামকে সাফল্যে রূপ দিয়ে উচ্চশিক্ষার জন্য ৭৫ লাখ টাকার স্কলারশিপ অর্জন করেছেন ছাতকের মেধাবী শিক্ষার্থী মেরিন জামান রুহি।

রুহি সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণেশপুর গ্রামের চা বিক্রেতা আব্দুল কাদিরের ছোট মেয়ে। পেশায় আব্দুল কাদির একজন চা বিক্রেতা। নদীতে নৌকা নিয়ে চা বিক্রি করেই চলে তাঁর সংসার। অভাব-অনটনের মধ্যেও মেয়ের পড়াশোনা চালিয়ে যেতে তিনি নিরলস পরিশ্রম করে গেছেন।

জানা গেছে, উইমেন্স মডেল কলেজের ৬ মেধাবী শিক্ষার্থীকে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এ প্রত্যেককে ৬০ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ৭৫ লাখ টাকা সমমূল্যের স্কলারশিপ দেওয়া হয়েছে। এই ৬ শিক্ষার্থীর মধ্যে ৫ম স্থান অধিকার করেছেন ছাতকের মেরিন জামান রুহি। তাঁর এই অর্জনে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

রুহির এই সাফল্যের পেছনে রয়েছে তাঁর নিজের মেধা ও অধ্যবসায়ের পাশাপাশি বাবার দীর্ঘদিনের ত্যাগ ও পরিশ্রম। নদীতে নৌকা নিয়ে চা বিক্রি করে সংসার চালানোর পাশাপাশি মেয়ের পড়াশোনার খরচ জোগানো আব্দুল কাদিরের কাছে মেয়ের এই সাফল্য যেন বহু বছরের কষ্টের সার্থকতা।

মেয়ের স্কলারশিপ অর্জনে উচ্ছ্বসিত রুহির বাবা আব্দুল কাদির বলেন, “আমার মেয়ে এই স্কলারশিপ পাওয়ায় আমি খুবই আনন্দিত। দেশ-বিদেশের সবার কাছে আমার মেয়ের জন্য দোয়া চাই।”

রুহির এই অর্জন শুধু তাঁর পরিবারের জন্য নয়, ছাতক তথা সুনামগঞ্জের জন্যও গর্বের বিষয়। সীমিত সামর্থ্য, অভাব-অনটন ও নানা প্রতিকূলতার মধ্যেও মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে যে বড় স্বপ্ন পূরণ করা সম্ভব—রুহির সাফল্য তারই উজ্জ্বল দৃষ্টান্ত।

নদীতে বাবার চা বিক্রির নৌকা থেকে রুহির স্বপ্ন এবার পাড়ি জমাচ্ছে উচ্চশিক্ষার বৃহত্তর দিগন্তে। তাঁর এই সাফল্য দেশের অসংখ্য মেধাবী ও সংগ্রামী শিক্ষার্থীর জন্য হয়ে উঠেছে অনুপ্রেরণার এক নতুন গল্প।

সর্বশেষ