আমানতকারীদের মুনাফায় কাটছাঁট নেই, ১ সেপ্টেম্বর থেকে অর্থ তোলার সুযোগ
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আমানতকারীদের মুনাফার অর্থে কোনো ধরনের ‘হেয়ারকাট’ বা কাটছাঁট করা হবে না। বিষয়টি গ্রাহকদের কাছে পরিষ্কারভাবে তুলে ধরতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীদের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট হিসাব থেকে অর্থ উত্তোলনের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেন এবং মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমানতকারীদের মুনাফার ক্ষেত্রে কোনো ধরনের কাটছাঁট করা হবে না বলে ঘোষণা দেওয়ার পরও বিষয়টি নিয়ে গ্রাহকদের মধ্যে কিছুটা বিভ্রান্তি রয়েছে। এ অবস্থায় ব্যাংকের সব আমানতকারীকে বিষয়টি স্পষ্টভাবে অবহিত করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
এরই মধ্যে গত ২৯ ডিসেম্বর ২০২৫ সালে ঘোষিত স্কিম অনুযায়ী আমানতকারীদের অর্থ ফেরতের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা তাদের আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ প্রয়োজন অনুযায়ী উত্তোলন করতে পারবেন।
এ জন্য ব্যাংকটিকে প্রয়োজনীয় কারিগরি ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ ছাড়া ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করা সম্মিলিত ইসলামী ব্যাংককে দ্রুত পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রমে ফেরানোর উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের সর্ববৃহৎ ও একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এসব সিদ্ধান্তে আমানতকারীদের দীর্ঘদিনের অনিশ্চয়তা অনেকটাই দূর হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে ব্যক্তি আমানতকারীদের অর্থ উত্তোলনের সুযোগ এবং ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ গ্রাহকদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মতামত দিন