বাজারে ইলিশের জোগান আছে, দামে সাধারণ ক্রেতার কপালে ভাঁজ
বর্ষার মৌসুমে রাজধানীর বাজারগুলোতে ইলিশের উপস্থিতি বেড়েছে। ছোট থেকে শুরু করে বড় আকারের বিভিন্ন ওজনের ইলিশ মিললেও দাম চড়া হওয়ায় সাধারণ ক্রেতাদের অনেকেই পছন্দের এই মাছ কিনতে পারছেন না। আকার ও মানভেদে প্রতি কেজি ইলিশের দাম প্রায় তিন হাজার টাকা ছাড়িয়ে যাচ্ছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর পূর্ব রামপুরার বউ বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন আকারের ইলিশ বিক্রি হচ্ছে ৬৫০ টাকা থেকে ২ হাজার ৮০০ টাকা কেজি দরে। ২০০ থেকে ৩০০ গ্রাম ওজনের ছোট ইলিশের দাম ৬৫০ থেকে ৮০০ টাকা কেজি। ৩৫০ থেকে ৪০০ গ্রামের মাছের জন্য গুনতে হচ্ছে প্রায় ১ হাজার ২০০ টাকা।
অন্যদিকে ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ১ হাজার ৭০০ টাকা কেজিতে। এক কেজি থেকে ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশের দাম উঠেছে প্রায় ২ হাজার ৮০০ টাকা। বিক্রেতারা বলছেন, বড় আকারের মাছের ক্ষেত্রে স্থান ও সরবরাহের ওপর নির্ভর করে দাম আরও বাড়তে পারে।
চড়া দামের কারণে হতাশা প্রকাশ করেছেন ক্রেতারা। বউ বাজারের ক্রেতা গিয়াসউদ্দিন বলেন, ছোট ইলিশের দাম কিছুটা সহনীয় হলেও ভালো আকারের মাছ কিনতে গেলে বেশ বড় অঙ্কের টাকা প্রয়োজন হচ্ছে। মৌসুমে ইলিশ কেনার ইচ্ছা থাকলেও এবার দাম বেশি হওয়ায় শুধু বাজার দেখে ফিরে যেতে হচ্ছে।
বিক্রেতা সবুজ জানান, বাজারে ইলিশের সরবরাহ রয়েছে, তবে তুলনামূলক বড় মাছের পরিমাণ কম। মোকাম থেকেই বেশি দামে মাছ কিনতে হচ্ছে। ফলে খুচরা পর্যায়ে কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না। তার মতে, সরবরাহ বাড়লে ভবিষ্যতে দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
রাজধানীর অন্যান্য বাজারেও প্রায় একই চিত্র দেখা গেছে। কারওয়ান বাজার, মেরুল বাড্ডা, বনশ্রী, রামপুরা, সেগুনবাগিচা ও মগবাজারে ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ১ হাজার ৮৫০ থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া এক কেজি বা কাছাকাছি ওজনের ইলিশের দাম ২ হাজার ২৫০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত। আর এক থেকে দেড় কেজি ওজনের বড় ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ থেকে ৩ হাজার ১০০ টাকা কেজি দরে।
ফলে বাজারে ইলিশের সরবরাহ থাকলেও উচ্চমূল্যের কারণে মাছটি এখন অনেক সাধারণ পরিবারের নিয়মিত খাদ্যতালিকার বাইরে চলে যাচ্ছে। ক্রেতাদের প্রত্যাশা, সরবরাহ আরও বাড়লে এবং বাজারে দাম কমলে আবারও সবার নাগালের মধ্যে আসবে জাতীয় মাছ ইলিশ।
মতামত দিন