• ২০২৬ অগাস্ট ২৭, বৃহস্পতিবার, ১৪৩৩ ভাদ্র ১২
  • সর্বশেষ আপডেট : ১১:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

দুই উপজেলায় মিলল ৬৬৯ বস্তা সার, জব্দ করল প্রশাসন

  • প্রকাশিত ১১:০৮ পূর্বাহ্ন বৃহস্পতিবার, অগাস্ট ২৭, ২০২৬
দুই উপজেলায় মিলল ৬৬৯ বস্তা সার, জব্দ করল প্রশাসন
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুর সদর ও কাহারোল উপজেলায় অভিযান চালিয়ে মজুদ করা ৬৬৯ বস্তা সার উদ্ধার করেছে প্রশাসন। অবৈধভাবে সার মজুদের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে পরিচালিত এসব অভিযানে দুই ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দিনাজপুর সদর উপজেলার পুলহাট এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি হাসকিং মিলের গোডাউন থেকে ২১৭ বস্তা সার উদ্ধার করা হয়। এ সময় ট্রাক্টরে করে সার সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছিল বলে প্রশাসন দেখতে পায়। অভিযানটির নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন শরিফ।

পরে অভিযানে রামসাগর এলাকার খুচরা সার ব্যবসায়ী মনোহর আলমকে আটক করা হয়। সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর আওতায় ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা পরিশোধ না করলে তাকে অতিরিক্ত ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। উদ্ধার করা সার উপসহকারী কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে।

অন্যদিকে, কাহারোল উপজেলা গেটের কাছে মেসার্স অরিন ট্রেডার্সে অভিযান চালিয়ে ৪৫২ বস্তা সার উদ্ধার করে প্রশাসন। এর মধ্যে ৩০৯ বস্তা টিএসপি, ৯৬ বস্তা ইউরিয়া এবং ৪৭ বস্তা এমওপি সার রয়েছে।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক খাইরুল ইসলামকেও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

প্রশাসনের প্রাথমিক ধারণা, বাজারে সার সংকট তৈরি করে বেশি দামে বিক্রি ও অতিরিক্ত লাভের উদ্দেশ্যেই এসব সার অবৈধভাবে মজুদ করা হয়েছিল।

কাহারোল উপজেলা প্রশাসন জানিয়েছে, জব্দ করা সার কৃষকদের মধ্যে সরকারি নির্ধারিত ন্যায্য মূল্যে বিক্রি করা হবে। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম বলেন, ‘সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি, কালোবাজারি কিংবা অতিরিক্ত দামে বিক্রির চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

সর্বশেষ