গ্রেড অবনমন ও বৈষম্যমূলক স্কেল ভেটিংয়ের প্রতিবাদে দিনাজপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার সকালে নসিপুর বিএডিসি বীজ ভান্ডার কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বিএডিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। প্রায় এক ঘণ্টা ধরে চলা অবস্থান কর্মসূচিতে বক্তারা তাদের বিভিন্ন দাবি ও অসন্তোষের কথা তুলে ধরেন।
বক্তারা বলেন, নতুন বেতন কাঠামো নির্ধারণের ক্ষেত্রে বিএডিসির কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি ও দায়িত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে যথাযথ গ্রেড ও বেতন স্কেল নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গ্রেড অবনমন এবং বৈষম্যমূলক স্কেল ভেটিংয়ের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা।
অবস্থান কর্মসূচিতে বিএডিসির উপপরিচালক মোজাহারুল ইসলাম, যুগ্ম পরিচালক কে এম মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী সৈয়দা সাবিহা জামালসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে তারা ন্যায্য অধিকার ও বৈষম্য নিরসনের দাবি জানিয়ে আসছেন। এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে কার্যালয় এলাকায় স্বাভাবিক পরিবেশ বজায় ছিল। দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ইতিবাচক পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন আন্দোলনকারীরা।
মতামত দিন