• ২০২৬ সেপ্টেম্বর ০৯, বুধবার, ১৪৩৩ ভাদ্র ২৫
  • সর্বশেষ আপডেট : ০৪:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

পাঁচ বছর পর টেস্ট সিরিজ খেলতে ঢাকায় ফিরছে ওয়েস্ট ইন্ডিজ

  • প্রকাশিত ০৫:০৯ অপরাহ্ন বুধবার, সেপ্টেম্বর ০৯, ২০২৬
পাঁচ বছর পর টেস্ট সিরিজ খেলতে ঢাকায় ফিরছে ওয়েস্ট ইন্ডিজ
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

দীর্ঘ পাঁচ বছর পর আবারও বাংলাদেশে টেস্ট সিরিজ খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী অক্টোবরে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও ক্যারিবীয় দল। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় সিরিজটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।

সফরসূচি অনুযায়ী, আগামী ১৮ অক্টোবর ঢাকায় পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ দল। এরপর ২২ থেকে ২৪ অক্টোবর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে স্থানীয় একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

২৮ অক্টোবর ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্টের জন্য দুই দল যাবে সিলেটে। সেখানে ৫ নভেম্বর থেকে শুরু হবে সিরিজের শেষ ম্যাচ।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বর্তমানে ৫৫ দশমিক ৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। ফাইনালের দৌড়ে নিজেদের অবস্থান শক্ত করতে ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে দুই টেস্টেই ভালো ফল করতে চাইবে নাজমুল হোসেন শান্তর দল।

অন্যদিকে ১২ ম্যাচে মাত্র দুটি জয় নিয়ে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে। তাদের পয়েন্ট শতাংশ ২০ দশমিক ৮৩। তাই বাংলাদেশের বিপক্ষে সিরিজটি ক্যারিবীয়দের জন্যও টেস্ট চ্যাম্পিয়নশিপের অবস্থান উন্নত করার বড় সুযোগ।

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের আগের সাফল্যের স্মৃতিও বেশ উজ্জ্বল। সর্বশেষ সফরে চট্টগ্রামে বড় লক্ষ্য তাড়া করে জয় তুলে নিয়েছিল ক্যারিবীয়রা। পরে ঢাকায় দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ১৭ রানে হারিয়ে সিরিজও নিজেদের করে নেয় তারা।

তবে চলতি বছর টেস্টে বেশ ভালো ছন্দে রয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ ১-১ সমতায় শেষ করেছে স্বাগতিকরা। ফলে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও আত্মবিশ্বাসী বাংলাদেশ।

সর্বশেষ