গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
ইমন ভট্ট নোয়াখালীর দুঃখ হরণ ভট্টের ছেলে। তিনি ২০২২ সাল থেকে নোয়াখালী জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তার ভাই মিথুন ভট্ট নোয়াখালী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পরিবারের এক সদস্য জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ইমন ভট্ট আত্মগোপনে চলে যান। মঙ্গলবার সকালে প্রায় দুই বছর পর অসুস্থ শিশুকন্যাকে দেখতে তিনি বাসায় আসেন। রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশের ভাষ্য, সোমবার সকালে নোয়াখালী পৌরসভার হোয়াইট হল এলাকায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন। ওই মিছিলে জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্ট অর্থায়ন করেছেন বলে অভিযোগ রয়েছে।
সুধারাম মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, ইমন ভট্টের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। এ ছাড়া ঝটিকা মিছিলে অর্থায়নের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
তবে এসব অভিযোগের বিষয়ে ইমন ভট্টের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মতামত দিন