• ২০২৬ সেপ্টেম্বর ২২, মঙ্গলবার, ১৪৩৩ আশ্বিন ৭
  • সর্বশেষ আপডেট : ০৫:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নিখোঁজের পর শিশুর মরদেহ উদ্ধার, দিনাজপুরে মা-সহ আটক ৩

  • প্রকাশিত ০৫:০৯ অপরাহ্ন মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
নিখোঁজের পর শিশুর মরদেহ উদ্ধার, দিনাজপুরে মা-সহ আটক ৩
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুর সদর উপজেলায় নিখোঁজের পর চার বছর বয়সী এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটিকে অপহরণ ও হত্যার অভিযোগে রিপন টুডুসহ তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ভোরে সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের নশিপুর জামতলী এলাকায় অভিযান চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আটক রিপন টুডুর দেওয়া তথ্যের ভিত্তিতেই মরদেহের সন্ধান পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি নিখোঁজ হওয়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক তৎপরতা শুরু হয়। পরে সোমবার রাতে অভিযান চালিয়ে রিপন টুডুকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী নির্দিষ্ট স্থানে তল্লাশি চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, শিশুটির মায়ের সঙ্গে আটক রিপন টুডুর কথিত পরকীয়া সম্পর্ক ছিল। এ ঘটনাকে কেন্দ্র করে শিশুটিকে হত্যার ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় শিশুটির মা জিন্নাতুন, রিপন টুডু ও সুজন নামে আরও একজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। দিনাজপুর কোতোয়ালী থানার পরিদর্শক মনিরুজ্জামান অভিযান ও মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

সর্বশেষ