‘মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র’ স্লোগানকে সামনে রেখে ‘ভারসাম্যপূর্ণ অর্থনীতি, কল্যাণমুখী রাজনীতি ও শরিয়াভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় নীতির পরিবর্তন চাই’—এই প্রতিপাদ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর সদর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় দিনাজপুর শহরের বড়মাঠ এলাকার ওয়েলকাম রেস্টুরেন্টে এ সম্মেলনের আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর উত্তর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু রাহাতের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন দিনাজপুর সদর উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আজিজ মাহমুদী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর উত্তর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা সোহরাব হোসাইন। প্রধান বক্তা ছিলেন সংগঠনের উত্তর জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ মুফতী মুহাম্মাদ খাইরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দিনাজপুর উত্তর জেলা শাখার সভাপতি মো. ওমর ফারুক।
সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক কর্মসূচি এবং ভারসাম্যপূর্ণ অর্থনীতি, কল্যাণমুখী রাজনীতি ও শরিয়াভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় নেতারা সংগঠনের বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা তুলে ধরেন।
সম্মেলনের শেষপর্বে দিনাজপুর সদর উপজেলা শাখার নতুন কমিটির নেতৃত্ব ঘোষণা করা হয়। এতে হাফেজ মাওলানা আব্দুল আজিজ মাহমুদীকে সভাপতি এবং মাওলানা মো. আবু বকর সিদ্দিককে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত ঘোষণা করেন প্রধান অতিথি।
মতামত দিন