*প্যান্ট-অন্তর্বাসে লুকানো ১২.৬ কেজি সোনা উদ্ধার ।*
*উপশিরোনাম:* প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করা ১২ কেজি সোনার পেস্ট, আটক দুবাই ফেরত দুই চীনা নারী।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কায়দায় সোনা পাচারের অভিযোগে দুই চীনা নারীকে আটক করা হয়েছে। তাঁদের পরনের জিনসের প্যান্ট ও অন্তর্বাসের ভেতরে কাপড় দিয়ে সেলাই করে লুকিয়ে রাখা অবস্থায় ১২ কেজি ৬০০ গ্রাম সোনার পেস্ট উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা। জব্দ করা সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট ইকে ৫৮৬-এর যাত্রীদের তল্লাশির সময় এ সোনা উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টম হাউস সূত্রে জানা গেছে, সোনা চোরাচালানের গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন স্থানে নজরদারি জোরদার করে কাস্টমসের প্রিভেন্টিভ টিম। একপর্যায়ে ইমিগ্রেশন কার্যক্রম শেষে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় আসা দুই চীনা নাগরিক চেন লিউইয়ুন ও মো শিয়াওইয়ুকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করা হয়।
তল্লাশির সময় তাঁদের পরনের জিনসের প্যান্ট ও অন্তর্বাসের ভেতরে কাপড়ের সঙ্গে সেলাই করে লুকিয়ে রাখা হলুদ রঙের সোনার পেস্ট পাওয়া যায়। প্রাথমিক বিশুদ্ধতা পরীক্ষায় উদ্ধার করা সোনা ২৪ ক্যারেটের বলে জানা গেছে।
এ ঘটনায় উদ্ধার করা সোনা জব্দ করা হয়েছে। আটক দুই নারী ও জব্দ করা সোনার বিষয়ে কাস্টমস আইন, ২০২৩ এবং ফৌজদারি আইনে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে ঢাকা কাস্টম হাউস।
মতামত দিন