*সীমান্তে উদ্ধার ৭ লাখের বেশি ইয়াবা ধ্বংস, মূল্য ২২ কোটি টাকা।*
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিভিন্ন সময়ে অভিযানে উদ্ধার
৭ লাখ ৪৩ হাজার পিস ইয়াবা ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ in (বিজিবি)। ধ্বংস করা এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ২২ কোটি ২৯ লাখ ১৭ হাজার টাকা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে নাইক্ষ্যংছড়িতে বিজিবির ১১ ব্যাটালিয়ন সদর দপ্তরে এসব ইয়াবা ধ্বংস করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, মিয়ানমার সীমান্তসংলগ্ন তুমব্রু, ঘুমধুম, লেম্বুছড়ি, সোনাইছড়ি, ফাত্রাঝিরি ও বাইশফাঁড়িসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত এক বছরে নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মোট ৭৩ কোটি ১১ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি। এসব ঘটনায় মাদক চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৪৪ জনকে আটক করা হয়েছে।
ইয়াবা ধ্বংসের সময় বিজিবির নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেনসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লেফটেন্যান্ট কর্নেল ফয়জুল কবির বলেন, সীমান্তে মাদক পাচার প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।
মতামত দিন