• ২০২৬ নভেম্বর ১০, মঙ্গলবার, ১৪৩৩ কার্তিক ২৬
  • সর্বশেষ আপডেট : ০৭:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

রুচিশীল জাতির এমন পতন কবে থেকে শুরু হলো ?🙆‍♂️

  • প্রকাশিত ০৮:১১ অপরাহ্ন মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
রুচিশীল জাতির এমন পতন কবে থেকে শুরু হলো ?🙆‍♂️
File
রেজাউল ইসলাম আশিক

একেকটা সময় মনে হয়, আমরা হয়তো একটা কালচারাল আইডেনটিটি ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছি। অথচ এমনটা হওয়ার কথা ছিল না!


গানের কথাই ধরুন। সেই কবে ‘তোর জন্য’ গানটা গাইলেন ফুয়াদ-উপল। তারপর বেশ কিছুদিন আমরা ফুয়াদ-উপলে মন্ত্রমুগ্ধ হয়ে থাকলাম। ‘ছটফট সারা বেলা’, ‘দেবী তোমার দেখা নাই’। কী অস্থির সব গান!


তার আগে কিংবা পরে, ঠিক মনে নেই, ‘এক মুঠো রোদ্দুর হাতে’, ‘এক আকাশ নীল’ কিংবা ‘লুকোচুরি খেলো না’। বালাম-হাবিবের তখন কী ক্রেজ! পার্টি-ফার্টিতে বাজত তাঁদের গান। আবার ব্রেকআপ হলে কিংবা নতুন নতুন প্রেমে পড়লেও আমরা হাবিব শুনতাম। ‘মন মুনিয়া’, ‘স্বপ্নের চেয়েও মধুর’, ‘দিন গেল’।


সুমন-আনিলার কথা মনে আছে? কী দারুণ সব গান বানালেন! ‘গাইবো না আর কোনো গান, তোমায় ছাড়া’। এই গান শোনেননি, এমন পোলাপান পাওয়া যাবে? মাঝখানে ‘এক পায়ে নূপুর’। আনিলা তো রীতিমতো ব্র্যান্ড হয়ে গেলেন। ‘তীর্যক বাঁকা স্রোত’ দিয়ে আলাদা একটা জায়গা তৈরি করলেন। তপুও আরেক জিনিয়াস। ‘মেয়ে তুমি এখনো আমায় বন্ধু ভাবো কি’ কিংবা ‘একটা গোপন কথা ছিল বলবার’, শুনেছেন তো?


জুলির কথা মনে পড়ে? হাবিবের সঙ্গে লতার রিমেক করলেন, ‘ও মোর ময়না গো’। আর কণিকার ‘বলেছিলে এক নদী দুঃখ হলে’, কতদিন যে শুনেছি! খালিদকে ভুলে গেলেন? ‘যদি হিমালয় হয়ে’ কিংবা ‘এ হৃদয় ভেঙে গেলে জানো কি’, ‘তা লাগে না লাগে না জোড়া’।


তারপর অর্ণব এলেন। ছেলেটা বাংলা মিউজিকের ভাষাই বদলে দিলেন। কী সব লিরিক, কী অদ্ভুত সুর! ‘তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো’, ‘সে যে বসে আছে একা একা’, ‘হোক কলরব’, ‘ফুলগুলো সব লাল না হয়ে নীল হলো কেন’, ‘কষ্টগুলো শিকড় ছড়িয়ে’। অর্ণবকে শোনার পর অনেকেরই গান শোনার কান বদলে যাওয়ার কথা। অন্তত আমার তো হয়েছে।


শিরিনের কথা ভুলে গেলে চলবে? ‘পাঞ্জাবিওয়ালা’, ‘মাতওয়ালী’। মেয়েটা দেশের চিরচেনা গানগুলোকে একেবারে অন্য রকম কম্পোজিশনে তুলে ধরলেন। আর সেগুলো হিটও হলো। মিলাও বেশ কিছু ভালো গান উপহার দিয়েছেন। সব ধামাকা গান বাদ দিলেও ‘বলতে পারো, আমি না মেঘ কে বেশি আপন’ কিংবা ‘অগ্নিপুরুষ’ বেশ মেলোডিয়াস। কোণামকে আমার সবসময়ই বড় মাপের গায়িকা মনে হয়েছে। অসম্ভব মিষ্টি গলা।


লিজেন্ডদের কথা বলব না। আইয়ুব বাচ্চু, জেমস, পার্থ বড়ুয়া, শাফিন আহমেদ, হামিন আহমেদ! কতজনের নাম বলব? কত গানের কথা বলব? তাঁদের জন্য আলাদা একটা লেখা তুলে রাখা থাক।


বরং দলছুটের কথা বলি। সঞ্জীব চৌধুরীকে ভুলে গেছেন? ক্যামনে কী, ম্যান! ‘চোখটা এত পোড়ায় কেন’, ‘ও পোড়ার চোখ’, ‘সমুদ্রে যাও’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’। এগুলো কি ভোলা যায়?


সঞ্জীবের কথা এলে বাপ্পা মজুমদার বাদ যান কীভাবে? ‘বায়োস্কোপ’, ‘পরী’, ‘সূর্যস্নানে চল’, ‘বাজি’। একের পর এক দারুণ সৃষ্টি। ফাহমিদা নবীও তো অনেকদিন মেলা হিট গান উপহার দিয়েছেন। ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ মা-খালাদেরও ভীষণ প্রিয় ছিল। আমারও।


মাঝখানে আবিদ এলেন। রবীন্দ্রসংগীত নিয়ে কী দারুণ একটা ক্রেজ তৈরি করেছিলেন! নতুন করে আমরা রবীন্দ্রনাথকে শুনলাম তাঁর কণ্ঠে। ছেলেটা চলে না গেলে হয়তো আরও কিছু ভালো গান পেতাম। হৃদয়ও শুরুতে বেশ ভালো করছিল। ‘চাই না মেয়ে’, ‘বল না তুই বল না’, ‘অবুঝ ভালোবাসা’। কতবার যে শুনেছি!


ও হো হো! তাহসান বাদ পড়ে গেলেন নাকি? আপনারা হয়তো এতক্ষণে আমাকে পিটাইতে আসছেন। কিন্তু বুকের ওপর হাত রেখে বলতে পারি, ‘আলো’, ‘বিন্দু’, ‘ঈর্ষা’, ‘প্রত্যাবর্তন’, ‘নেই’ একবারও শোনেননি? তাহসানকে অস্বীকার করে হয়তো নিজেকে পশ সাজানো যায়, কিন্তু বাংলা গানের ইতিহাস থেকে তাঁকে বাদ দেওয়ার উপায় নেই।


আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলোর কথা না-ই বললাম। ক্রিপটিক ফেইট, স্টোয়িক ব্লিস, মেঘদল, শহরতলী। শুধু ব্যান্ড নিয়ে লিখতে গেলেই আরেকটা লেখা হয়ে যাবে। নগরবাউল, এলআরবি, মাইলস, ওয়ারফেজ, আর্ক, ব্ল্যাক, আর্টসেল, প্রমিথিউস, দলছুট। বলতে বলতে হাঁপিয়ে গেলাম!


এরপর এল শিরোনামহীন। কী সব গান! আমাদের প্লেলিস্টে তখন তপন চৌধুরী, পার্থ বড়ুয়া, নকীব খান। রেনেসাঁ, সোলস, ফিডব্যাক, মাকসুদ। মাঝেমধ্যে রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, সুবীর নন্দী, খালিদ হাসান মিলুরাও ভিড় জমাতেন।


আমরা টুকটাক মহীনের ঘোড়াগুলির গানও শুনেছি। তখন জানতামই না, ওরা কলকাতার ব্যান্ড। ‘তারারাও যত আলোকবর্ষ দূরে’, ‘শহরের উষ্ণতম দিনে’, ‘চৈত্রের কাফন’, ‘ধাঁধার চেয়েও জটিল’। কী সব লিরিক! একটা গানের কথা এমনও হতে পারে, সেটা শুনে চমকে যেতাম।


এতক্ষণ ধরে এত গানের ফিরিস্তি দেওয়ার কারণ একটাই। আমার খুব জানতে ইচ্ছে করে, এত রুচিশীল গান শুনে বড় হওয়া মানুষগুলো কীভাবে আজ ‘বুক চিনচিন করছে হায়, মন তোমায় কাছে চায়’ কিংবা ‘তুমি হলে বাবু, আমি তোমার হিরো’ শুনে আনন্দ পান?


শুধু শোনেনই না, শেয়ার করেন। বন্ধুবান্ধবকে দেখান। ভিউ বাড়ান। ভাইরাল করেন। রুচিতে একটুও বাধে না? মানে, কেমন ম্যান!


এটা কোনো সফট সার্কাজম করার চেষ্টা নয়। কাউকে ছোট করাও উদ্দেশ্য নয়। আমার প্রশ্নটা একটু গভীর। আমরা কি সত্যিই বিনোদনের মান নিয়ে ভাবা বন্ধ করে দিয়েছি? নাকি ভিউ আর ভাইরাল হওয়ার দৌড়ে ভালো-মন্দের পার্থক্যটাই ভুলে যাচ্ছি?


একটা উদাহরণ দিই। হুমায়ূন আহমেদের ‘আজ রবিবার’ ছিল ব্যঙ্গাত্মক নাটক। এখনকার ‘ব্যাচেলর পয়েন্ট’ও কমেডি নাটক। দুটোই মানুষকে হাসায়। কিন্তু হাসানোর ধরন, সংলাপ, রুচি আর নির্মাণের মধ্যে পার্থক্য আছে। কমেডি হলেই সবকিছু সমান মানের হয়ে যায় না।


একইভাবে, কোনো গান ভাইরাল হলেই সেটা ভালো গান হয়ে যায় না। আবার কোনো গান জনপ্রিয় হলেই তাকে বাতিল করে দেওয়ারও দরকার নেই। সমস্যা জনপ্রিয়তায় নয়। সমস্যা তখনই, যখন আমরা জনপ্রিয়তাকেই একমাত্র মানদণ্ড বানিয়ে ফেলি। আর নিজেদের অংশগ্রহণে রুচির চর্চাটাকেই ক্রমশ পেছনে ঠেলে দিই।


আমরা তো এমন ছিলাম না! আমাদের কান চিনত বালামের মেলোডি, অর্ণবের বিষণ্নতা, তাহসানের সংযত ব্যথা। আমরা সঞ্জীবের গানে ডুবেছি, আইয়ুব বাচ্চুর গিটারে মুগ্ধ হয়েছি, হাবিবের সুরে প্রেম করেছি। সেই আমরাই এখন ভিউয়ের নেশায় যা খুশি তাইকে বাহবা দিচ্ছি।


আমরা কি সত্যিই এতটা বদলে গেছি? নাকি ভালো গান শোনার অভ্যাসটাই হারিয়ে ফেলছি?


আশা অবশ্য ছাড়ছি না। একদিন হয়তো আবার কেউ গাইবে, ‘গাইবো না আর কোনো গান, তোমায় ছাড়া’। আর আমাদের কান চিনে নেবে, এই তো! এটাই সেই আসল বাংলা গান।

সর্বশেষ