• ২০২৬ নভেম্বর ১৫, রবিবার, ১৪৩৩ অগ্রহায়ণ ১
  • সর্বশেষ আপডেট : ০৬:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ভারী যন্ত্রপাতি নিয়ে ইনানীতে বাপেক্স, ৩০ মিনিটেই নিভতে পারে ১৯ দিনের আগুন

  • প্রকাশিত ০৬:১১ পূর্বাহ্ন রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
ভারী যন্ত্রপাতি নিয়ে ইনানীতে বাপেক্স, ৩০ মিনিটেই নিভতে পারে ১৯ দিনের আগুন
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা ব্যুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

ভারী যন্ত্রপাতি নিয়ে ইনানীতে বাপেক্স, ৩০ মিনিটেই নিভতে পারে ১৯ দিনের আগুন



প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১৮:১৯















−অ+



গত ২৭ অক্টোবর থেকে জ্বলছে আগুন, এবার নেভানোর জন্য পৌঁছেছে সরঞ্জাম। ছবি: সময় সংবাদ

কক্সবাজারের উখিয়ার ইনানীতে পরিত্যক্ত নলকূপের গর্ত থেকে নির্গত গ্যাসের আগুন নেভাতে বিশেষ অভিযানের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। টানা ১৯ দিন ধরে জ্বলা আগুন নিয়ন্ত্রণে আনতে এরইমধ্যে ঘটনাস্থলে ভারী যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সরঞ্জাম আনা হয়েছে।



শনিবার (১৪ নভেম্বর) সকালে পেট্রোবাংলা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও শেভরন বাংলাদেশের বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কবে নাগাদ আগুন নেভানোর মূল কার্যক্রম শুরু হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার সকালে ইনানীর ছোটখাল এলাকার ঘটনাস্থলে ভারী ড্রিলিং পাইপ বা ২০ ইঞ্চি কেসিং, মোবাইল ক্রেন, ভারী জেনারেটর ও ব্লোআউট প্রিভেন্টরসহ বিভিন্ন সরঞ্জাম পৌঁছায়। এসব সরঞ্জাম স্থাপনের মাধ্যমে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে এনে আগুন নেভানোর পরিকল্পনা করছে বাপেক্স।

বাপেক্সের ড্রিলিং সুপারিনটেনডেন্ট মো. আনিসুর রহমান বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। এরইমধ্যে ২০ ইঞ্চি কেসিং আনা হয়েছে। এটি বিদ্যমান ছয় ইঞ্চি ব্যাসের গর্তটির ওপর স্থাপনের চেষ্টা করা হবে, যাতে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রিতভাবে বের করে আনা যায়। এরপর সার্কুলেশন পদ্ধতিতে সিমেন্ট, মাড ও প্রয়োজনীয় রাসায়নিক ব্যবহার করে গ্যাসের প্রবাহ বন্ধ করা হবে।

আনিসুর রহমান আরও জানান, সরঞ্জাম স্থাপনের কাজ শুরু হয়েছে। এ জন্য আরও অন্তত ১৫ থেকে ২০টি বড় পাইপ ও অন্যান্য সরঞ্জাম প্রয়োজন হবে। সব প্রস্তুতি শেষ করে মূল কার্যক্রম শুরু করা হবে। অভিযান সফল হলে ৩০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হতে পারে।

আগুন নেভানোর পর ওই স্থানে গ্যাসের প্রকৃত মজুত ও বাণিজ্যিক সম্ভাবনা নিরূপণে পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বাপেক্সের ড্রিলিং সুপারিনটেনডেন্ট আনিসুর রহমান বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর ভূতত্ত্ববিদ ও রিজার্ভার প্রকৌশলীরা এলাকাটি পরীক্ষা-নিরীক্ষা ও জরিপ করবেন। সেখানে বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদনের সম্ভাবনা থাকলে পরবর্তী সময়ে নতুন করে কূপ খননের উদ্যোগ নেয়া হতে পারে। বর্তমান নলকূপের গর্তটি থেকে সরাসরি গ্যাস উৎপাদন সম্ভব নয়।



গ্যাসের মজুত ও উৎপাদন নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যের বিষয়ে তিনি বলেন, এখানে গ্যাসের উপস্থিতি দেখা গেলেও এর প্রকৃত পরিমাণ, উৎপাদন সক্ষমতা কিংবা বাণিজ্যিক সম্ভাবনা এখনও নিশ্চিত নয়। আপাতত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আগুন নিয়ন্ত্রণে আনাই প্রধান লক্ষ্য।

পেট্রোবাংলার পরিচালক (অপারেশনস অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. সোয়েব বলেন, এর আগে ১৫ দিন আগুনের পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানানো হয়েছিল। আগুনের মাত্রা ও পরিস্থিতি বিবেচনা করে এখন আগুন নেভানোর পরিকল্পনা করা হয়েছে। পুরো কার্যক্রম পরিচালনা করবে বাপেক্স। এ বিষয়ে কারিগরি পরামর্শ ও প্রস্তুতি পর্যালোচনার জন্য বুয়েট, শেভরন ও বাপেক্সের বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পরিদর্শন দলে থাকা বুয়েটের পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল রিসোর্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহরিয়ার মাহমুদ জানান, তাদের এখানে আসার মূল উদ্দেশ্য গ্যাসের মজুত পর্যালোচনা নয়, বরং নিরাপত্তা নিশ্চিত করা। বাপেক্স কীভাবে নিরাপদে উচ্চচাপের মধ্যে থাকা বিপজ্জনক গ্যাস নিয়ন্ত্রণে আনতে পারে, সে বিষয়ে তাদের পরিকল্পনা সরেজমিন পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দেয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ইনানীর ছোটখাল এলাকায় নলকূপ স্থাপনের জন্য খনন করা একটি পরিত্যক্ত গর্ত থেকে হঠাৎ গ্যাস বের হতে শুরু করে। পরে বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়। দীর্ঘ ১৯ দিন ধরে আগুন জ্বলতে থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। যে কোনো দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলের আশপাশে ১৪৪ ধারা জারি রেখেছে উপজেলা প্রশাসন।

সর্বশেষ