কুষ্টিয়া জেলা কারাগারে তীব্র আবাসন সংকট, বারান্দায় থাকছেন বন্দিরা
সরকারি নির্ধারিত ধারণক্ষমতার প্রায় ২ দশমিক ৭ গুণ অতিরিক্ত বন্দি নিয়ে চলছে কুষ্টিয়া জেলা কারাগারের কার্যক্রম। ৬০০ জন বন্দির আবাসন ব্যবস্থার বিপরীতে বর্তমানে কারাগারটিতে অবস্থান করছেন ১ হাজার ৬২৮ জন। স্থান সংকুলান না হওয়ায় ওয়ার্ডের পাশাপাশি বারান্দাতেও ফ্যানের ব্যবস্থা করে বন্দিদের রাখতে হচ্ছে।
কারা সূত্রে জানা গেছে, গত দুই মাস ধরে কারাগারটিতে বন্দির সংখ্যা গড়ে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৬৫০ জনের মধ্যে ওঠানামা করছে, যা নির্ধারিত ধারণক্ষমতার চেয়ে প্রায় ১৭১ শতাংশ বেশি। কারাগারে পুরুষ বন্দিদের জন্য ১৩টি ওয়ার্ড এবং নারী বন্দিদের জন্য পৃথক ওয়ার্ড রয়েছে। তবে ধারণক্ষমতার প্রায় তিন গুণ বন্দি থাকায় প্রতিটি ওয়ার্ডের আবাসন ও ব্যবস্থাপনার ওপর বাড়তি চাপ পড়ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সীমিত অবকাঠামোর মধ্যে এত বিপুলসংখ্যক বন্দির আবাসন, চিকিৎসা, খাবার, স্যানিটেশন ও নিরাপত্তা নিশ্চিত করা কারা কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ২৭ শয্যার কারা হাসপাতালে চিকিৎসক, নার্স ও ওষুধের পর্যাপ্ততা এবং বন্দিদের খাবারের পুষ্টিমান ও সার্বিক পরিস্থিতি স্বাধীনভাবে যাচাইয়ের প্রয়োজনীয়তা রয়েছে।
সার্বিক বিষয়ে কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার মো. শরিফুল আলম জানান, ৬০০ জনের ধারণক্ষমতার বিপরীতে ১ হাজার ৬২৮ জন বন্দি থাকায় আবাসনের ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে এবং কিছু ওয়ার্ডের বারান্দাতেও ফ্যান লাগিয়ে বন্দিদের রাখা হয়েছে। তিনি বলেন, ‘বন্দিদের মৌলিক সুযোগ-সুবিধা, খাবার বা চিকিৎসা থেকে বঞ্চিত হতে হচ্ছে না। তবে স্বাভাবিকের তুলনায় কারা কর্মকর্তা-কর্মচারীদের বাড়তি শ্রম দিতে হচ্ছে। আগে ১০ জনকে চিকিৎসা দিলে এখন ২০ জনকে দিতে হচ্ছে; এক ঘণ্টার জায়গায় দেড় ঘণ্টা কাজ করতে হচ্ছে।
চিকিৎসা ও খাবারের বিষয়ে জেল সুপার আরও বলেন, কারা হাসপাতালে ২৭টি শয্যা রয়েছে এবং শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চিকিৎসক দায়িত্ব পালন করেন। এ ছাড়া জরুরি প্রয়োজনেও চিকিৎসা দেওয়া হয়। অতিরিক্ত ঘনত্বের কারণে সংক্রামক রোগ এড়াতে স্বাস্থ্যবিধি ও নিয়মিত পর্যবেক্ষণে জোর দেওয়া হচ্ছে। খাবারের ক্ষেত্রেও মাথাপিছু বরাদ্দ অনুযায়ী পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে বলে তিনি দাবি করেন।
অবকাঠামো সম্প্রসারণের বিষয়ে জেল সুপার জানান, নতুন ভবন নির্মাণ একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া হওয়ায় এটি শেষ হতে পাঁচ থেকে দশ বছর সময় লাগতে পারে। বন্দির সংখ্যা নিয়ন্ত্রণের বাইরে গেলে পার্শ্ববর্তী কারাগারে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হতে পারে, যদিও এখনো সে পর্যায়ে যায়নি।
এদিকে কারা অধিদপ্তরের ভবিষ্যৎ পরিকল্পনায় পুরোনো স্থাপনা সংস্কার, ঐতিহাসিক ভবন সংরক্ষণ, প্যারেড মাঠ আধুনিকায়ন এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রিজন সেল নির্মাণসহ কারাগারটির ধারণক্ষমতা ৬০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ জনে উন্নীত করার প্রস্তাব রয়েছে। তবে পরিকল্পিত ১ হাজার ৫০০ জনের ধারণক্ষমতাও বর্তমান বন্দিসংখ্যার চেয়ে কম হওয়ায় প্রকল্পের অগ্রগতি ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।
উল্লেখ্য, ওয়ার্ল্ড প্রিজন ব্রিফের গত ১ অক্টোবরের তথ্য অনুযায়ী, দেশের ৭৫টি কারাগারে অনুমোদিত ৪৫ হাজার ১৮৬ জন ধারণক্ষমতার বিপরীতে ১ লাখ ৬ হাজার ৬৭৭ জন বন্দি রয়েছেন, যা মোট ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি।
মতামত দিন