• ২০২৬ Jun ২২, সোমবার, ১৪৩৩ আষাঢ় ৭
  • সর্বশেষ আপডেট : ১২:০৬ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বালুর নিচে অভিনব কায়দায় ভারতীয় জিরা পাচার: গোয়াইনঘাটে ট্রাকসহ আটক ১

  • প্রকাশিত ১২:০৬ পূর্বাহ্ন সোমবার, Jun ২২, ২০২৬
বালুর নিচে অভিনব কায়দায় ভারতীয় জিরা পাচার: গোয়াইনঘাটে ট্রাকসহ আটক ১
File
জসিম উদ্দিন, গোয়াইনঘাট সিলেট থেকে :

বালুর নিচে অভিনব কায়দায় ভারতীয় জিরা পাচার: গোয়াইনঘাটে ট্রাকসহ আটক ১


সিলেটের গোয়াইনঘাটে বালু ভর্তি ট্রাকের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় জিরা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে সাত ঘটিকায় উপজেলার বঙ্গবীর চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে জিরার বস্তাসহ ট্রাকটি জব্দ করা হয়। এই ঘটনায় জড়িত অভিযোগে ট্রাকের চালক জাকারিয়া হোসেনকে (৩৪) আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত জিরার মোট পরিমাণ ৭৬ বস্তা (ব্র্যান্ড: কেএস গোল্ড), যার আনুমানিক বাজার মূল্য ১১ লক্ষ ৪০ হাজার টাকা।

অভিযান সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামানের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে নামে। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে ১নং রুস্তমপুর ইউনিয়নের বঙ্গবীর চেকপোস্ট রোডে জনৈক ইসমাইলের দোকানের সামনে একটি বালু ভর্তি ড্রাম ট্রাককে (ঢাকা মেট্রো ট ২৪-১৪৯২) থামানো হয়। আপাতদৃষ্টিতে ট্রাকটি বালু ভর্তি মনে হলেও তল্লাশির একপর্যায়ে বালুর স্তরের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা জিরার বস্তাগুলো পাওয়া যায়।

আটক জাকারিয়া হোসেন গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়নের ঘোরাগ্রামের চমক আলীর ছেলে। অভিযানে এএসআই আলী আহম্মদ, এএসআই মনির হোসাইনসহ অন্য সদস্যরা অংশ নেন।

অভিযানের নেতৃত্বদানকারী এসআই আনোয়ার হোসেন জানান, "গোপন সংবাদের ভিত্তিতে আমরা বঙ্গবীর এলাকায় অবস্থান নিয়েছিলাম। একটি বালু ভর্তি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয়। পরে বালুর নিচ থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে। চোরাচালান ও মাদক নির্মূলে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, "সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। চোরাকারবারিরা নতুন নতুন কৌশল অবলম্বন করলেও পুলিশ সতর্ক রয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এই চক্রের পেছনের ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।"

উদ্ধারকৃত মালামাল ও ট্রাকটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় গোয়াইনঘাট থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ