রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন টাঙ্গাইলের মৃদুল খান, শোকের ছায়া পরিবারে।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাছ চারান গ্রামের বাসিন্দা মৃদুল খান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। গত সোমবার তাঁর মৃত্যুর খবর স্বজনদের কাছে পৌঁছালে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
পরিবারের দাবি, চাকরির প্রলোভন দেখিয়ে তাঁকে রাশিয়ায় পাঠানো হয়েছিল। সেখানে একটি কোম্পানিতে কাজের সুযোগ দেওয়ার কথা বলা হলেও পরে তিনি প্রতারণার শিকার হন। অভিযোগ রয়েছে, দেশীয় ও বিদেশি দালালচক্রের যোগসাজশে তাঁকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
স্বজনরা জানান, অস্ত্র প্রশিক্ষণ ও সামরিক ট্রেনিং শুরু হওয়ার পর মৃদুল বুঝতে পারেন যে তিনি প্রতারণার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছেন। এরপর তাঁকে ফ্রন্টলাইনে দায়িত্ব পালন করতে বাধ্য করা হয়। সেখানে প্রতিনিয়ত ড্রোন হামলা, বোমাবর্ষণ এবং প্রাণঘাতী অস্ত্রের মুখোমুখি হয়ে জীবন বাজি রেখে যুদ্ধ করতে হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একই ধরনের প্রতারণার শিকার হয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইতোমধ্যে দুই শতাধিক বাংলাদেশি নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। যদিও এ বিষয়ে সরকারি কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান পাওয়া যায়নি।
এ ঘটনায় জড়িত দালালচক্র, এজেন্সি বা ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল। তাদের মতে, এই প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও অনেক নিরীহ মানুষ একই ফাঁদে পড়ে প্রাণ হারাতে পারেন।
সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
মতামত দিন