মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর ওপর ছুরি হামলা: হামলাকারীর ১০ বছরের কারাদণ্ড, ২ বেত্রাঘাত।
মালয়েশিয়ার শাহ আলমে ফেডারেল হাইওয়েতে এক বাংলাদেশি প্রবাসী মোটরসাইকেল আরোহীর ওপর নৃশংস ছুরি হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক রায় দিয়েছে দেশটির আদালত। মঙ্গলবার (৮ জুলাই) শাহ আলম সেশনস কোর্টে অভিযুক্ত ৪২ বছর বয়সী বিক্রয়কর্মী আজমি জানতান আদালতে নিজের অপরাধ স্বীকার করলে তাকে ১০ বছরের কারাদণ্ড এবং ২ বেত্রাঘাতের সাজা দেওয়া হয়।
আদালতের তথ্য অনুযায়ী, গত মাসে পূর্বের শত্রুতার জের ধরে ফেডারেল হাইওয়েতে সংঘটিত ওই ঘটনায় আজমি জানতান একটি মাংস কাটার ছুরি দিয়ে বাংলাদেশি প্রবাসী মোটরসাইকেল আরোহীর ওপর হামলা চালান। এতে ওই প্রবাসী গুরুতর আহত হন। ঘটনার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং গুরুতর জখম করার অভিযোগে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
মঙ্গলবার আদালতে দোষ স্বীকারের পর বিচারক আইনুল বাশিরাহ ডোনা ডন বিয়াজিদ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তিনি নির্দেশ দেন, অভিযুক্তকে গ্রেপ্তারের দিন অর্থাৎ গত ১১ জুন থেকেই ১০ বছরের কারাদণ্ড কার্যকর হিসেবে গণনা করা হবে।
এদিকে, এ ঘটনার পর মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের প্রতি সংযম ও সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রবাসীদের যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ, আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং সড়ক বা জনসমাগমস্থলে কোনো ধরনের ঝগড়া-বিবাদ ও সংঘর্ষ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের ভাষ্য, বিদেশের মাটিতে আইন মেনে চলা এবং শান্তিপূর্ণ আচরণই একজন প্রবাসীর সর্বোত্তম পরিচয়। সাময়িক উত্তেজনা বা আবেগের বশবর্তী হয়ে নেওয়া একটি ভুল সিদ্ধান্ত শুধু ব্যক্তিগত জীবনই নয়, পরিবার ও ভবিষ্যতের ওপরও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সবাইকে সংযম, সচেতনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে চলার আহ্বান জানানো হয়েছে।
মতামত দিন