• ২০২৬ Jul ১৭, শুক্রবার, ১৪৩৩ শ্রাবণ ১
  • সর্বশেষ আপডেট : ০৪:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নোয়াখালীর কবিরহাটে মাদকসেবনের প্রতিবাদ করায় বিএনপি নেতা ফারুককে ছুরিকাঘাতে হত্যা, আটক ২

  • প্রকাশিত ০৪:০৭ পূর্বাহ্ন শুক্রবার, Jul ১৭, ২০২৬
নোয়াখালীর কবিরহাটে মাদকসেবনের প্রতিবাদ করায় বিএনপি নেতা ফারুককে ছুরিকাঘাতে হত্যা, আটক ২
সংগৃহীত
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাদকসেবনের প্রতিবাদ করায় মো. ফারুক ওরফে শহীদ (৫০) নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বুধবার (১৫ জুলাই) রাত প্রায় ১১টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের তেঁতুলতলা বাজার সংলগ্ন পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া।

আটক দুই যুবক হলেন মধ্য সুন্দলপুর গ্রামের আল আমিনের ছেলে মো. আরশাদ আকাশ (২৪) এবং দুলাল মিয়ার ছেলে মো. সাজ্জাদ হোসেন আকাশ (১৯)।

নিহত মো. ফারুক ওরফে শহীদ উপজেলার মধ্য সুন্দলপুর গ্রামের চৌধুরী মিস্ত্রির ছেলে। তিনি সুন্দলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং তেঁতুলতলা বাজারের একজন ব্যবসায়ী ছিলেন।

নিহতের বড় ছেলে মো. ইমরান হোসেন জানান, আরশাদ আকাশ এলাকায় চিহ্নিত মাদকসেবী হিসেবে পরিচিত। মঙ্গলবার রাতে তেঁতুলতলা বাজারের একটি দোকানে মাদকসেবন নিয়ে তার বাবার সঙ্গে আকাশের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তার বাবা আকাশকে দোকান থেকে বের করে দেন। পরদিন সকালে আকাশ কয়েকজনের কাছে তার বাবাকে হত্যার হুমকি দেন বলেও অভিযোগ করেন তিনি।

পরিবারের অভিযোগ, বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ফারুকের পথরোধ করে তার মেরুদণ্ডে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে চৌমুহনী চৌরাস্তা এলাকায় অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।

এদিকে, ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্ত দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে কবিরহাট থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, "প্রাথমিকভাবে মাদকসেবনের প্রতিবাদকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"

সর্বশেষ