• ২০২৬ অগাস্ট ০৪, মঙ্গলবার, ১৪৩৩ শ্রাবণ ২০
  • সর্বশেষ আপডেট : ১০:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

প্রতিবন্ধী শিশু-যুবকদের সেবায় কাহারোলে নতুন পুনর্বাসন কেন্দ্র

  • প্রকাশিত ১০:০৮ পূর্বাহ্ন মঙ্গলবার, অগাস্ট ০৪, ২০২৬
প্রতিবন্ধী শিশু-যুবকদের সেবায় কাহারোলে নতুন পুনর্বাসন কেন্দ্র
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও যুবকদের জন্য আধুনিক পুনর্বাসন সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা দীপশিখার বাস্তবায়নে এবং লিলিয়ান ফন্ডসের অর্থায়নে প্রতিষ্ঠিত এ কেন্দ্রের মাধ্যমে উপজেলার প্রতিবন্ধী মানুষের জন্য বিশেষায়িত পুনর্বাসন ও ফিজিওথেরাপি সেবা নিশ্চিত করা হবে।

শনিবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কেন্দ্রটির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মোস্তাফিজুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র কনসালট্যান্ট ডা. মামুনুর রশীদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান এবং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুজ্জামান সরকার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দীপশিখার এরিয়া ম্যানেজার ধনঞ্জয় দেবনাথ। পরে প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী হিমাংশু দেব দত্ত রায়।

বক্তারা বলেন, নতুন এই পুনর্বাসন কেন্দ্রটি কাহারোল উপজেলার সব ইউনিয়নের বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য মানসম্মত চিকিৎসা ও পুনর্বাসন সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে নিউরোলজিক্যাল সমস্যায় আক্রান্ত শিশু ও যুবকদের জন্য এখানে অগ্রাধিকার ভিত্তিতে ফিজিওথেরাপি সেবা প্রদান করা হবে। পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা জানান, সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের কারিগরি সহযোগিতায় এবং ইন্টিগ্রেটেড অ্যান্ড ইনক্লুসিভ রিহ্যাব সলিউশনস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় কেন্দ্রটির কার্যক্রম পরিচালিত হবে। এখানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও যুবকদের সম্পূর্ণ বিনামূল্যে পুনর্বাসন ও স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-যুবক ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। নতুন এ কেন্দ্র চালুর মাধ্যমে কাহারোলে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আধুনিক ও সহজলভ্য পুনর্বাসন সেবার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সর্বশেষ