দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীদের চিকিৎসায় ধারাবাহিক সাফল্য মিলছে। গত ৩২ দিনে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৩১ জন সর্পদংশনের রোগী। তাদের মধ্যে চারজন ছিলেন বিষধর গোখরা সাপের কামড়ে আক্রান্ত।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সর্বশেষ ৫ আগস্ট সাপের কামড়ে আহত ১৭ বছর বয়সী সাদিয়া আক্তারকে দ্রুত হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখে প্রয়োজন অনুযায়ী অ্যান্টিভেনম প্রয়োগ করেন। পরে তিনি সুস্থ হয়ে ওঠেন।
এর আগে গোখরার কামড়ে আক্রান্ত আরও তিনজন রোগীও এই হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। চিকিৎসকদের দ্রুত সিদ্ধান্ত, সময়মতো অ্যান্টিভেনম প্রয়োগ এবং স্বাস্থ্যকর্মীদের সমন্বিত প্রচেষ্টায় এসব সাফল্য এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আবদুল্লাহ ইবনে এনাম বলেন, ৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মোট ২৯ জন সর্পদংশনের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চারজন গোখরা সাপের কামড়ে আক্রান্ত ছিলেন। সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, সাপে কাটার পর ঝাড়ফুঁক বা স্থানীয় চিকিৎসার পেছনে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে আসতে হবে। সময়মতো চিকিৎসা ও প্রয়োজন অনুযায়ী অ্যান্টিভেনম প্রয়োগ করা গেলে অধিকাংশ রোগীকেই সুস্থ করা সম্ভব।
হাসপাতালে বর্তমানে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রয়েছে এবং ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসাসেবা চালু রয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগেও অ্যান্টিভেনম সরবরাহে সহযোগিতা করা হচ্ছে।
মতামত দিন