কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
জয়পুরহাটের কালাই পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ শুরু হয়েছে। ডেঙ্গুর বিস্তার রোধে মশার বংশবিস্তারস্থল ধ্বংস এবং পৌর এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) কালাই পৌরসভা এলাকায় আয়োজিত এ অভিযানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থান, জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কারের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি নিজেদের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, কালাই থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, জয়পুরহাট জেলা বিএনপির অন্যতম সদস্য আনিসুর রহমান তালুকদার, সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা রেজাউল ইসলাম, বিএনপি নেতা আমিনুর রহমান ও বাদেশ আলী মাস্টারসহ আরও অনেকে।
পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশা নিধন নয়, মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো নিয়মিত পরিষ্কার রাখা জরুরি। এ জন্য নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জমে থাকা পানি অপসারণে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
মতামত দিন