• ২০২৬ অক্টোবর ০৭, বুধবার, ১৪৩৩ আশ্বিন ২১
  • সর্বশেষ আপডেট : ০২:১০ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

৩০ ব্যাংকের এটিএম সেবা বন্ধ, জানত না বাংলাদেশ ব্যাংক!*

  • প্রকাশিত ০৪:১০ পূর্বাহ্ন বুধবার, অক্টোবর ০৭, ২০২৬
৩০ ব্যাংকের এটিএম সেবা বন্ধ, জানত না বাংলাদেশ ব্যাংক!*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*৩০ ব্যাংকের এটিএম সেবা বন্ধ, জানত না বাংলাদেশ ব্যাংক!* 

 *উপশিরোনাম:* কিউ-ক্যাশের সিস্টেম মাইগ্রেশনে এটিএম-পিওএস অচল; একক সিদ্ধান্তে ক্ষুব্ধ কেন্দ্রীয় ব্যাংক। 

ভোগান্তিতে পড়েছেন লাখো লাখো গ্রাহক। 

দেশের ৩০টি বাণিজ্যিক ব্যাংকের কিউ-ক্যাশ নেটওয়ার্কভিত্তিক কার্ড, এটিএম ও পয়েন্ট অব সেল (পিওএস) সেবা সাময়িক বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। কোনো ধরনের আগাম ঘোষণা ছাড়াই এসব সেবা বন্ধ হয়ে যাওয়ায় জরুরি প্রয়োজনে টাকা তুলতে গিয়ে অনেক গ্রাহক সমস্যায় পড়েছেন।

রোববার (৪ অক্টোবর) রাত ৯টা থেকে শুরু হওয়া এ পরিস্থিতি আগামী ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত অব্যাহত থাকার কথা রয়েছে। ব্যাংকগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণের কাজ চলছে। এ কারণেই নির্দিষ্ট কিছু সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ব্যাংকগুলোর বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সময়ে কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাধীন এটিএম, ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) ও পিওএসে লেনদেন করা যাবে না। একই সঙ্গে ওই নেটওয়ার্কের মাধ্যমে ক্রেডিট কার্ড ও প্রিপেইড কার্ডের লেনদেনও সাময়িকভাবে বন্ধ থাকবে।

তবে সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ হচ্ছে না। ব্যাংকগুলোর তথ্য অনুযায়ী, ডেবিট কার্ডের লেনদেন স্বাভাবিক থাকবে। কিউ-ক্যাশের বাইরে থাকা অন্যান্য ব্যাংকের এটিএম ও পিওএস ব্যবহারের সুযোগও থাকবে। পাশাপাশি বাংলা কিউআর, মানি অ্যাপ এবং ট্যাপ, বিকাশ, নগদ ও উপায়ের মাধ্যমে ফান্ড ট্রান্সফার চালু থাকবে। কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাবহির্ভূত ব্যাংকগুলোর মধ্যে অর্থ স্থানান্তরও স্বাভাবিক থাকবে।

ইতোমধ্যে কৃষি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, ন্যাশনাল ব্যাংকসহ কয়েকটি ব্যাংক তাদের প্রযুক্তিগত সেবা সাময়িক সীমিত থাকার বিষয়ে গ্রাহকদের জানিয়েছে। ব্যাংকগুলোর দাবি, আধুনিক ও নিরাপদ ব্যাংকিং অবকাঠামো গড়ে তুলতে নিয়মিত সিস্টেম আপগ্রেড ও রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়।

তবে এত দীর্ঘ সময়ের জন্য গুরুত্বপূর্ণ কার্ড ও এটিএমসেবা সীমিত রাখার বিষয়টি নিয়ে গ্রাহকদের মধ্যে প্রশ্ন উঠেছে। বিশেষ করে জরুরি সময়ে নগদ অর্থের প্রয়োজন হলে বিকল্প ব্যবস্থা সম্পর্কে পর্যাপ্ত তথ্য না থাকায় অনেকে সমস্যায় পড়ছেন।

ব্যাংকিং খাতে প্রযুক্তিনির্ভর লেনদেন বাড়ার সঙ্গে সঙ্গে কোর ব্যাংকিং সিস্টেম, কার্ড নেটওয়ার্ক ও ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্মের সক্ষমতা বাড়ানো এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ কারণে বিভিন্ন ব্যাংকে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কাজ চলছে। এর প্রভাবে আইটিসি তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের কিছু সেবা সাময়িক বন্ধ রয়েছে।

তিনি বলেন, এ সিদ্ধান্ত সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজেদের উদ্যোগে নিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে আগে থেকে জানানো হয়নি। এমনকি গ্রাহকদের সেবা বন্ধ থাকার বিষয়েও ব্যাংকগুলো আগাম কোনো বিজ্ঞপ্তি দেয়নি।

বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা আরও বলেন, গুরুত্বপূর্ণ ব্যাংকিং সেবা বন্ধ রাখার মতো সিদ্ধান্ত সংশ্লিষ্ট ব্যাংকগুলোর এককভাবে নেওয়া উচিত হয়নি। বিষয়টি বাংলাদেশ ব্যাংকের গভর্নরও ভালোভাবে নেননি এবং ঘটনায় তিনি ক্ষুব্ধ হয়েছেন।

ব্যাংকগুলোর পক্ষ থেকে জরুরি প্রয়োজনের ক্ষেত্রে গ্রাহকদের বিকল্প ডিজিটাল ও ব্যাংকিং সেবা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে সংশ্লিষ্ট সেবাগুলো স্বাভাবিক হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ