কালাইয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী
জয়পুরহাটের কালাইয়ে ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কালাই ফায়ার সার্ভিস কার্যালয়ের কাছে এ অভিযানের উদ্বোধন করেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফয়সাল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী নাজমা আরা বেগম বারী ও জয়পুরহাটের জেলা প্রশাসক আল-মামুন মিয়া। এ সময় কালাইয়ের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব উপস্থিত ছিলেন।
অভিযানে উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, আনসার ও ভিডিপির কর্মকর্তা-কর্মচারী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, বিডি ক্লিনের সভাপতি ও সদস্য, স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ স্কাউটসের সদস্য, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সভাপতির বক্তব্যে ইউএনও ফয়সাল আহমেদ বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে দিনব্যাপী কালাই পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। কর্মসূচির আওতায় স্কুল, কলেজ ও মাদ্রাসার আশপাশ, হাটবাজার, রাস্তার পাশ, পুকুর এবং নয়নজুলি খালসহ বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও কচুরিপানা পরিষ্কার করা হবে।
তিনি বলেন, নিজ নিজ এলাকা পরিষ্কার রাখার পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমে সবাইকে সচেতন ও সক্রিয়ভাবে অংশ নিতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলাই এ অভিযানের মূল লক্ষ্য।
মতামত দিন