*মোংলাকে ঘিরে শিল্পায়নের নতুন পরিকল্পনা, চীনা বিনিয়োগে জোর।*
দেশের শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে চীনা বিনিয়োগ বাড়াতে চায় সরকার। এ লক্ষ্যে মোংলাকে কেন্দ্র করে নতুন শিল্পকারখানা গড়ে তোলা এবং সেখান থেকে উত্তরাঞ্চল পর্যন্ত অর্থনৈতিক কর্মকাণ্ড বিস্তারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য বিদ্যুৎ, গ্যাস ও অবকাঠামো উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটের মোংলায় চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
এদিন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও সিআরসিসির মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
মতবিনিময়ে তারেক রহমান বলেন, বাংলাদেশ ও চীন পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একসঙ্গে কাজ করতে আগ্রহী। বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগের ওপর গুরুত্ব দিয়ে তিনি মোংলায় শিল্পকারখানা গড়ে তোলার পরিকল্পনার কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে। এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো দ্রুত গড়ে তোলার উদ্যোগ নেবে সরকার।
এ ছাড়া মধ্যপ্রাচ্যে চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি কর্মীদের নিয়োগের সুযোগ তৈরিতে সহযোগিতার জন্য চীনা প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে চীনা বিনিয়োগকারীদের ভূমিকার প্রশংসাও করেন তিনি।
মতামত দিন