• ২০২৬ নভেম্বর ০৯, সোমবার, ১৪৩৩ কার্তিক ২৫
  • সর্বশেষ আপডেট : ০৫:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জলবায়ু ন্যায্যতার দাবিতে বিশ্বমঞ্চে তারেক রহমান।*

  • প্রকাশিত ০৫:১১ অপরাহ্ন সোমবার, নভেম্বর ০৯, ২০২৬
জলবায়ু ন্যায্যতার দাবিতে বিশ্বমঞ্চে তারেক রহমান।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*জলবায়ু ন্যায্যতার দাবিতে বিশ্বমঞ্চে তারেক রহমান।* 


 *উপশিরোনাম:* জলবায়ু ক্ষতিপূরণ, ঋণের বদলে অনুদান ও প্রযুক্তি সহায়তার দাবি; কার্বন নিঃসরণ কমাতে উন্নত বিশ্বের প্রতি আহ্বান। 

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছ থেকে পর্যাপ্ত অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা আদায়ের লক্ষ্য নিয়ে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের এ সফরে সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে তাঁর।

তুরস্ক সরকারের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর এ সফর অনুষ্ঠিত হচ্ছে। দেশটির আনতালিয়া শহরের এক্সপো সেন্টারে আয়োজিত সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে আগামী ১১ ও ১২ নভেম্বর বক্তব্য দেবেন তিনি। সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর বৈঠক হতে পারে। এসব বৈঠকের সময়সূচি চূড়ান্ত করতে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা চলছে।

সরকারি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টা ২৫ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছে ট্রানজিট শেষে অভ্যন্তরীণ ফ্লাইটে আনতালিয়া যাবেন তাঁরা। সফর শেষে ১২ নভেম্বর বিকেলে দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এবারের সম্মেলনে বাংলাদেশের প্রধান অগ্রাধিকার থাকবে জলবায়ু মোকাবিলায় ঋণনির্ভরতার পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করা। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছ থেকে সহজলভ্য আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা চাইবে ঢাকা।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানিয়েছেন, জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে ঋণের বোঝা না বাড়িয়ে অনুদানের পরিমাণ বাড়ানো জরুরি। বিশেষ করে উপকূলীয় অঞ্চল, হাওর, চর ও খরাপ্রবণ এলাকার মানুষের সুরক্ষা, আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রমে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।

তিনি জানান, জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি তহবিল থেকে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি বাস্তুচ্যুতি ও জীবিকা হারানোর মতো অ-অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায়ও সহজ শর্তে অনুদান চাওয়া হবে। বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে প্রধান কার্বন নিঃসরণকারী দেশগুলোর কার্যকর উদ্যোগের ওপরও গুরুত্ব দেবে বাংলাদেশ।

এ ছাড়া কৃষি, শিল্প ও জ্বালানি খাতের পরিবেশবান্ধব রূপান্তর, শ্রমিকদের অধিকার নিশ্চিত করা এবং নারী ও তরুণদের কর্মসংস্থান সুরক্ষার বিষয়গুলোও বাংলাদেশের আলোচনায় গুরুত্ব পাবে।

মন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা, খরা ও তাপপ্রবাহের কারণে বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকা ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। এ পরিস্থিতিতে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা নিশ্চিত করা জরুরি।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য কপ সম্মেলন আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দাবি তুলে ধরার গুরুত্বপূর্ণ মঞ্চ। বাংলাদেশও এ সুযোগ কাজে লাগিয়ে জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করার চেষ্টা করবে।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) অধীনে আয়োজিত এবারের কপ-৩১ সম্মেলন সোমবার শুরু হয়ে ২০ নভেম্বর পর্যন্ত চলবে। এতে বৈশ্বিক বিদ্যুতায়ন বৃদ্ধি, মিথেন নিঃসরণ কমানো, ভবন খাতে জ্বালানি ব্যবহার হ্রাস এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আওয়াল, প্রেস সচিব সালেহ শিবলী এবং উপপ্রেস সচিব হাসান শিপলুসহ প্রতিনিধিদলের কয়েকজন সদস্য।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন, তুরস্ক সরকারের আমন্ত্রণে কপ-৩১ সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতেই প্রধানমন্ত্রীর এ সফর।

সর্বশেষ