*ইরানের 'সিআইএস প্লাস ওয়ান’ নতুন জোটের প্রস্তাব, উদ্যোগে রাশিয়ার সমর্থন, আলোচনায় আগ্রহী মস্কো।*
ইরান ও স্বাধীন রাষ্ট্রগুলোর কমনওয়েলথভুক্ত (সিআইএস) দেশগুলোর মধ্যে সহযোগিতার নতুন কাঠামো গড়ে তোলার প্রস্তাবে ইতিবাচক সাড়া মিলেছে। তেহরানের এই উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া।
রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার পানকিন জানিয়েছেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রস্তাবিত ‘সিআইএস প্লাস ওয়ান’ উদ্যোগ মস্কোসহ সিআইএসভুক্ত দেশগুলোর রাজধানী এবং বিশেষজ্ঞ মহলে সমর্থন পেয়েছে।
ইরানের সংবাদ সংস্থা ইরনার বরাতে পার্স টুডে জানায়, পানকিনের মতে, ইরান ও সিআইএস দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে পেজেশকিয়ানের প্রস্তাব নিয়ে অংশীদার দেশগুলোর সঙ্গে আলোচনা করতে রাশিয়া আগ্রহী।
তবে এখনই সিআইএসের সদস্যসংখ্যা বাড়ানোর আলোচনা সময়োপযোগী নয় বলে মনে করেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী। তাঁর মতে, সদস্যপদ সম্প্রসারণের পরিবর্তে ‘সিআইএস প্লাস’ কাঠামোর মাধ্যমে বাইরের দেশগুলোর সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা সম্ভব।
গত ৯ অক্টোবর ২০২৬ তুর্কমেনিস্তানের আওয়াজা শহরে সিআইএস প্রতিষ্ঠার ৩৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সম্মেলনে প্রথমবারের মতো আমন্ত্রণ পায় ইরান। সেখানে সংস্থাটির সদস্যদেশগুলোর সঙ্গে ইরানকে যুক্ত করে ‘সিআইএস প্লাস’ নামে একটি সম্প্রসারিত সহযোগিতা কাঠামো গঠনের প্রস্তাব দেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।
সম্মেলনের সম্প্রসারিত অধিবেশনে ইরান, রাশিয়া, তুর্কমেনিস্তান, আজারবাইজান, বেলারুশ, কিরগিজস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের প্রেসিডেন্টরা এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী অংশ নেন।
তথ্যসূত্র: পার্স টুডে।
মতামত দিন