*ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে এআই পাঠ, চালু হচ্ছে ২০২৭ সাল থেকে--সংসদকে শিক্ষা মন্ত্রীর তথ্য।*
*উপশিরোনাম:* রোবটিক্স থেকে ডিপফেক শনাক্তকরণ—প্রযুক্তি শিক্ষায় নতুন পরিকল্পনা সরকারের।
প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের সঙ্গে শিক্ষার্থীদের প্রস্তুত করতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এআই, রোবটিক্স, মেশিন লার্নিং, ভার্চুয়াল রিয়েলিটি ও ন্যানোটেকনোলজির মতো আধুনিক প্রযুক্তি সম্পর্কে পাঠ নেওয়ার সুযোগ পাবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে ৭১ বিধিতে দেওয়া বিবৃতিতে এ পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শিক্ষামন্ত্রী জানান, নতুন পাঠ্যক্রমে শুধু প্রযুক্তির ব্যবহার নয়, এআইয়ের নৈতিক প্রয়োগ, তথ্য যাচাই, ডিপফেক শনাক্তকরণ এবং অনলাইন নিরাপত্তার বিষয়ও গুরুত্ব পাবে। শিক্ষার্থীরা যেন এআইয়ের তৈরি তথ্য যাচাই-বাছাই করে দায়িত্বশীলভাবে প্রযুক্তি ব্যবহার করতে পারে, সে দক্ষতা গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
শ্রেণিভেদে পাঠ্যসূচিতে থাকবে ভিন্ন ভিন্ন বিষয়। ষষ্ঠ শ্রেণিতে এআই, এআই-সক্ষম টুলস, ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়েলিটি এবং রোবটিক্সের প্রাথমিক ধারণা দেওয়া হবে। সপ্তম শ্রেণিতে প্রযুক্তির ব্যবহার, এআই সার্চ টুলস, ইন্টারনেট অব থিংস ও বাস্তব জীবনে এআইয়ের প্রয়োগ শেখানো হবে।
অষ্টম শ্রেণিতে যুক্ত হবে এআই অ্যাসিস্ট্যান্ট, অটোমেশন, প্রযুক্তিনির্ভর ব্যবসা, নতুন কর্মসংস্থান, রিমোট ওয়ার্ক ও ফ্রিল্যান্সিং। নবম ও দশম শ্রেণিতে এআইয়ের নৈতিক ব্যবহার, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, রোবটিক্স, ন্যানোটেকনোলজি ও ই-কমার্সের মতো বিষয় পড়ানো হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে দৈনন্দিন জীবন, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে এআইয়ের ব্যবহারিক প্রয়োগের ওপর গুরুত্ব দেওয়া হবে।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ব চতুর্থ শিল্পবিপ্লবের মধ্য দিয়ে এগোচ্ছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে শিক্ষাব্যবস্থায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তির গুরুত্ব বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে সিঙ্গাপুরের শিক্ষাক্রমে তথ্য যাচাই ও ডিপফেক-সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্তির উদাহরণ তুলে ধরে তিনি বাংলাদেশের শিক্ষার্থীদেরও এ বিষয়ে দক্ষ করে তোলার প্রয়োজনীয়তা উল্লেখ করেন।
প্রযুক্তি শিক্ষার অবকাঠামো উন্নয়নেও বড় বিনিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের। শিক্ষামন্ত্রীর তথ্য অনুযায়ী, প্রায় পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তি ল্যাব স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব ল্যাবে এআই, রোবটিক্স, থ্রিডি প্রিন্টিং ও নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক প্রযুক্তি শেখানোর ব্যবস্থা থাকবে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় সাড়ে সাত হাজার কোটি টাকা।
এ ছাড়া ‘নেক্সট জেনারেশন সেকেন্ডারি এডুকেশন’ প্রকল্পের আওতায় ১ হাজার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম, প্রযুক্তি, বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ ও নতুন শ্রেণিকক্ষ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৩৯৭ কোটি ৪৯ লাখ টাকা।
সংসদে শিক্ষামন্ত্রী আরও জানান, গত ৮ থেকে ১১ সেপ্টেম্বর ইউনেস্কো আয়োজিত ‘ডিজিটাল লার্নিং উইক’-এ বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেন। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষার চ্যালেঞ্জ, এআইয়ের অপব্যবহার প্রতিরোধ এবং শিক্ষাক্ষেত্রে এর দায়িত্বশীল ব্যবহার নিয়ে আলোচনা হয়।
তিনি অতীতের উদ্যোগ তুলে ধরে বলেন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্পের প্রথম পর্যায়ে চার হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপনে ৩৯৭ কোটি টাকা ব্যয় করা হয়েছিল।
শিক্ষামন্ত্রী বলেন, আইসিটি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে সরকার প্রয়োজনীয় বাজেট বরাদ্দ ও পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে নেওয়া উদ্যোগগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
মতামত দিন