*৯ কার্যদিবসেই বিচার শেষ, ১১ বছরের শিশুকে ধর্ষণে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড।*
*উপশিরোনাম:* ধর্ষণের শিকার শিশুর জন্ম দেওয়া কন্যাসন্তানের ভরণপোষণ ও শিক্ষার দায়িত্ব রাষ্ট্রের; আসামির ভাই খালাস।
নেত্রকোনা: মাত্র ৯ কার্যদিবসে বিচারিক কার্যক্রম শেষ করে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় মাদরাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর হুজুরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুটির কন্যাসন্তানের ভরণপোষণ, শিক্ষা ও লালন-পালনের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে পালনের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোনার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ মোহাম্মদ আব্দুছ সালাম জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। এ মামলার অপর আসামি এবং দণ্ডিত শিক্ষকের বড় ভাই মাইমন ওরফে মামুন মিয়ার বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল কবীর রুবেল জানান, মাত্র ৯ কার্যদিবসে মামলার বিচার শেষ হয়েছে। ৬০ দিনের মধ্যে সাক্ষ্য গ্রহণ, শুনানি, পুলিশের অভিযোগপত্র ও ডিএনএ পরীক্ষাসহ প্রয়োজনীয় বিচারিক কার্যক্রম সম্পন্ন করা হয়। মামলায় মোট ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, প্রায় চার বছর আগে আমান উল্লাহ মাহমুদী মদন উপজেলায় একটি মহিলা কওমি মাদরাসা প্রতিষ্ঠা করেন। শিশুটির মা-বাবার বিচ্ছেদের পর সে নানার বাড়িতে থেকে ওই মাদরাসায় পড়াশোনা করত। তার মা জীবিকার প্রয়োজনে সিলেটে গৃহপরিচারিকার কাজ করতেন।
গত ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে চিকিৎসকের পরীক্ষায় শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে। এরপর ২৩ এপ্রিল তার মা বাদী হয়ে মাদরাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদীর বিরুদ্ধে মামলা করেন। পরে ৬ মে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র্যাব তাঁকে গ্রেপ্তার করে। পরদিন আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তার আবেদনে আদালত আসামির ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন।
শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যৎ বিবেচনায় ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে ২ জুলাই সে একটি কন্যাসন্তানের জন্ম দেয়। নবজাতকের ডিএনএ পরীক্ষার জন্য ৯ জুলাই আদালতে আবেদন করে পুলিশ। পরে ২৮ জুলাই সিআইডি ওই সেফ হোমে গিয়ে শিশুটির নমুনা সংগ্রহ করে।
সিআইডির ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে নবজাতকের সঙ্গে মামলার প্রধান আসামি আমান উল্লাহ মাহমুদীর জৈবিক সম্পর্কের মিল পাওয়া যায়। রাষ্ট্রপক্ষের আইনজীবী তখন জানিয়েছিলেন, পরীক্ষার ফলাফলে নবজাতকের জৈবিক বাবা হিসেবে আসামির পরিচয় নিশ্চিত হয়েছে।
সবশেষে ২৭ আগস্ট আমান উল্লাহ মাহমুদী ও তাঁর ভাই মামুন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। মামলার বিচারিক কার্যক্রম শেষে বুধবার প্রধান আসামিকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড দেন আদালত। পাশাপাশি ধর্ষণের শিকার শিশুটির নবজাতক কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষায় রাষ্ট্রকে ভরণপোষণ, শিক্ষা ও লালন-পালনের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।
মতামত দিন