*পদ্মায় ভাসছিল অর্ধগলিত মরদেহ, মাথা-হাত-পায়ের খোঁজ নেই।*
শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদী থেকে মাথা, দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন অবস্থায় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে পদ্মা সেতু দক্ষিণ থানার পৈলান মোল্লারকান্দি এলাকার নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনো নিহতের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নদীতে মানুষের শরীরের মতো কিছু একটা ভাসতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। পরে তাঁরা বিষয়টি মাঈজঘাট নৌ-পুলিশ ফাঁড়িতে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহটি কোনো পুরুষের। তবে শরীরের মূল অংশ ছাড়া মাথা ও চারটি অঙ্গ না থাকায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, হত্যার পর পরিচয় গোপন করতে মরদেহের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন করে নদীতে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। যদিও তদন্ত ও ময়নাতদন্তের আগে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
পুলিশ জানিয়েছে, বুধবার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে আশপাশের বিভিন্ন থানায় নিখোঁজ ব্যক্তিদের তথ্য যাচাই করা হচ্ছে।
মাঈজঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়েছে। আপাতত শুধু শরীরের মূল অংশ পাওয়া গেছে। পরিচয় শনাক্ত করা যায়নি।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ ও আনুমানিক সময় সম্পর্কে ধারণা পাওয়া যাবে। পাশাপাশি ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
মতামত দিন