*পেজেশকিয়ানের অভিযোগ, অস্ত্রের ভয় দেখিয়ে কূটনীতি করছে ওয়াশিংটন।*
ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ ও নতুন করে হামলার হুমকির সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তাঁর অভিযোগ, কূটনৈতিক সমাধানের পরিবর্তে অত্যাধুনিক অস্ত্রের ভয় দেখিয়ে ইরানের ওপর চাপ সৃষ্টি করছে ওয়াশিংটন।
পেজেশকিয়ান বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার কথা বলে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান শুরু করলেও সেই অভিযানে বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে। যুদ্ধের প্রথম দিনেই ইরানের লামার্দ শহরের একটি ক্রীড়া হলে মার্কিন হামলায় ২১ জন নিহত হয়েছেন বলে দাবি করেন তিনি। ওই হামলায় যুক্তরাষ্ট্রের প্রিসিশন স্ট্রাইক মিসাইল (পিআরএসএম) ব্যবহার করা হয়েছিল বলেও উল্লেখ করেন ইরানের প্রেসিডেন্ট।
এদিকে, ইরানের ভূগর্ভস্থ একটি পারমাণবিক স্থাপনায় হামলার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন শক্তিশালী এমওএবি (ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট) বোমা ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে বলে মার্কিন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ‘সকল বোমার জননী’ নামে পরিচিত এই বোমা যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রচলিত বোমাগুলোর একটি।
পেজেশকিয়ান বলেন, প্রথমে পারমাণবিক কর্মসূচির অজুহাতে যুদ্ধ শুরু, এরপর নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার এবং এখন আরও শক্তিশালী বোমা প্রয়োগের হুমকি—এসবের মাধ্যমে যুক্তরাষ্ট্র আসলে ভীতির পরিবেশ তৈরি করে কূটনীতি পরিচালনা করতে চাইছে।
এ ধরনের অবস্থানকে স্ববিরোধী ও লজ্জাজনক উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, বিশ্বশান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য প্রকৃত হুমকি কারা তৈরি করছে?
বুধবার (১১ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা পেজেশকিয়ানের এসব বক্তব্য প্রকাশ করে।
মতামত দিন