*পাঁচ বছরে পার্বত্য চট্টগ্রামে সহিংসতায় নিহত ৩১৬, অপহরণ ২৯৭।*
পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর সহিংসতায় ৩১৬ জন নিহত হয়েছেন। একই সময়ে অপহরণ, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র ব্যবহারের শত শত ঘটনা ঘটেছে। জাতীয় সংসদে এসব তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান, গত পাঁচ বছরে পার্বত্য এলাকায় বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪টি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর ৮১টি হামলার ঘটনা ঘটেছে। এ সময়ে ২৯৭ জনকে অপহরণ এবং ৪৭১টি ঘটনায় জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। অবৈধ অস্ত্রের ব্যবহার হয়েছে ৩৭৭ বার।
স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, একই সময়ে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ৯৭টি হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী। এসব সহিংসতায় ৩০৮ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর আট সদস্য নিহত হয়েছেন।
মন্ত্রী বলেন, পার্বত্য তিন জেলায় সক্রিয় অবৈধ সশস্ত্র গোষ্ঠী ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ওই অঞ্চলে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাসীদের তৎপরতা দমনে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ অব্যাহত রয়েছে।
মতামত দিন