ভেড়ামারায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
কুষ্টিয়ার ভেড়ামারা পৌর শহরের রেলওয়ে বাজার এলাকায় অবস্থিত ‘ফরহাদ ফার্মেসি’ নামক একটি ওষুধের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও তা দোকানে মজুত রাখার অপরাধে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ফরহাদ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ওই ফার্মেসি থেকে এক ক্রেতা ওষুধ ক্রয় করেন। পরবর্তীতে ওষুধগুলো মেয়াদোত্তীর্ণ দেখতে পেয়ে বিষয়টি অত্যন্ত সচেতনতার সঙ্গে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করেন ওই ক্রেতা।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি আমলে নেন ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার। এরপর দ্রুত রেলওয়ে বাজারে অবস্থিত ওই ফার্মেসিতে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি।
অভিযান চলাকালে ফার্মেসির ভেতরের বিভিন্ন তাকে ও সংরক্ষণাগারে তল্লাশি চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধের সত্যতা পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফার্মেসির মালিক ফরহাদ হোসেনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জনস্বাস্থ্য সুরক্ষায় ও ভেজাল বা মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবসারোধে উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও ঝটিকা অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মতামত দিন