• ২০২৬ নভেম্বর ১২, বৃহস্পতিবার, ১৪৩৩ কার্তিক ২৮
  • সর্বশেষ আপডেট : ০৬:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

চা-বাগানের সবুজে লাল শাপলার মেলা, দেউন্দি বিলে পর্যটকের ঢল।

  • প্রকাশিত ০৬:১১ অপরাহ্ন বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
চা-বাগানের সবুজে লাল শাপলার মেলা, দেউন্দি বিলে পর্যটকের ঢল।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*চা-বাগানের সবুজে লাল শাপলার মেলা, দেউন্দি বিলে পর্যটকের ঢল।* 


 *উপশিরোনাম:* প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা, ফুল বিক্রি ও অস্থায়ী দোকানে বাড়তি আয় স্থানীয়দের; নেই প্রয়োজনীয় সুযোগ-সুবিধা।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা-বাগানের ভেতরে লাল শাপলার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। বিলজুড়ে ফুটে থাকা হাজারো শাপলা আর চারপাশের সবুজ চা-বাগান দেখতে প্রতিদিন ভিড় করছেন দূরদূরান্ত থেকে আসা পর্যটকরা।

স্থানীয়ভাবে ‘দেউন্দি লাল শাপলা বিল’ নামে পরিচিত এই জলাভূমিটি উপজেলা সদর থেকে প্রায় পাঁচ-ছয় কিলোমিটার দূরে অবস্থিত। বর্ষায় জমে থাকা পানিতে প্রাকৃতিকভাবে শাপলা জন্মে, শীতের শুরুতে যা ফুলে ফুলে রঙিন হয়ে ওঠে।

স্থানীয়দের ভাষ্য, কয়েক বছর আগেও বিলটি তেমন পরিচিত ছিল না। গত দুই-তিন বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় পর্যটকদের আনাগোনা বেড়েছে।

পর্যটকদের উপস্থিতিতে বিলের পাড়ে গড়ে উঠেছে ২০-২৫টি অস্থায়ী দোকান। চা, পান, ফুচকা ও ঝালমুড়ি বিক্রির পাশাপাশি স্থানীয় চা-শ্রমিক পরিবারের সদস্যরা প্রতিটি শাপলা ১০ টাকা দরে বিক্রি করছেন। এতে কেউ কেউ দৈনিক ৩০০ থেকে ৪০০ টাকা আয় করছেন। স্থানীয় দোকানিরাও পর্যটকদের কারণে বাড়তি ব্যবসার সুযোগ পাচ্ছেন।

সিলেট থেকে আসা পর্যটক লিমন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেখে এখানে এসেছেন। সরাসরি বিলের সৌন্দর্য দেখে আরও বেশি মুগ্ধ হয়েছেন। ঢাকা থেকে আসা মরিয়মের মতে, চা-বাগান ও শাপলা বিলের এমন সমন্বয় সত্যিই অসাধারণ। তবে পর্যটকদের জন্য শৌচাগারের ব্যবস্থা থাকলে সুবিধা হতো।

পর্যটকের সংখ্যা বাড়লেও বিলটিতে নেই পর্যাপ্ত শৌচাগার, বিশুদ্ধ পানির ব্যবস্থা কিংবা বসার স্থান। সামান্য বৃষ্টিতে চা-বাগানের ভেতরের কাঁচা রাস্তা কর্দমাক্ত হয়ে চলাচলে দুর্ভোগ তৈরি হয়।

স্থানীয়দের প্রত্যাশা, প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ন রেখে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে দেউন্দি শাপলা বিল হবিগঞ্জের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হয়ে উঠতে পারে।

সর্বশেষ