• ২০২৬ নভেম্বর ২৩, সোমবার, ১৪৩৩ অগ্রহায়ণ ৮
  • সর্বশেষ আপডেট : ১২:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ভারতের পেট্রাপোল সীমান্তে সমাবেশ, বেনাপোলে বিজিবির নিরাপত্তা জোরদার

  • প্রকাশিত ০৩:১১ পূর্বাহ্ন সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
ভারতের পেট্রাপোল সীমান্তে সমাবেশ, বেনাপোলে বিজিবির নিরাপত্তা জোরদার
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা ব্যুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ


ভারতের পেট্রাপোল সীমান্তে সমাবেশ, বেনাপোলে বিজিবির নিরাপত্তা জোরদার


চেকপোস্ট ও আশপাশের সীমান্ত এলাকায় বিজিবির বাড়তি টহল ও সতর্কতামূলক অবস্থান দেখা গেছে।

ভারতের পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ ও সমাবেশকে কেন্দ্র করে বাংলাদেশের বেনাপোল সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

রোববার (২২ নভেম্বর) বিকাল থেকে বেনাপোল চেকপোস্ট ও আশপাশের সীমান্ত এলাকায় বিজিবির বাড়তি টহল ও সতর্কতামূলক অবস্থান দেখা গেছে।

ভারতীয় গণমাধ্যম ও স্থানীয় সূত্রে জানা গেছে, চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ভারতের পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ ও সমাবেশ করে দেশটির হিন্দু সুরক্ষা সমিতি ও মতুয়া সম্প্রদায়ের একাধিক সংগঠন। রোববার দুপুর ২টার দিকে এ কর্মসূচি শেষ হয়।

সমাবেশে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেন। তাঁদের মধ্যে পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্য দেওয়ার সময় বিধায়ক স্বপন মজুমদার চিন্ময়কৃষ্ণ দাসের দীর্ঘ কারাবাস ও বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের সমালোচনা করেন। পাশাপাশি তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেট্রাপোল বন্দর দিয়ে দেশে ফিরে আসার আহ্বান জানান। একইভাবে মন্ত্রী অশোক কীর্তনীয়াও বাংলাদেশের জনগণকে রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে শেখ হাসিনার দেশে ফেরা উচিত বলে মন্তব্য করেন।

এদিকে, অসমর্থিত একটি সূত্রের বরাতে জানা গেছে, আওয়ামী লীগের শীর্ষ নেতা জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম পেট্রাপোল-বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শনে যেতে পারেন। সেখানে তিন থেকে চার দিন অবস্থানের পর তাঁদের আগরতলা যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেও শোনা যাচ্ছে। তবে তাঁদের এই সম্ভাব্য সফরের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

ভারতের অংশে সমাবেশ শেষ হওয়ার পর বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল চেকপোস্টের প্রধান ফটকসহ সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবির টহল জোরদার করা হয়।

এ বিষয়ে বিজিবি কর্মকর্তা মাছেদুল রহমান জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ পথে কোনো অনুপ্রবেশকারী যাতে দুই দেশের মধ্যে যাতায়াত করতে না পারে, সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টহল বৃদ্ধি করা হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবির টহল দল সতর্ক অবস্থানে রয়েছে।


সর্বশেষ