• ২০২৬ নভেম্বর ২৯, রবিবার, ১৪৩৩ অগ্রহায়ণ ১৫
  • সর্বশেষ আপডেট : ০৮:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মেধা পাচার নয়, এবার মেধার প্রত্যাবর্তন; শিল্প-সংস্কৃতিতে অর্থনীতির নতুন দিগন্ত!

  • প্রকাশিত ০৯:১১ পূর্বাহ্ন রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
মেধা পাচার নয়, এবার মেধার প্রত্যাবর্তন; শিল্প-সংস্কৃতিতে অর্থনীতির নতুন দিগন্ত!
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*মেধা পাচার নয়, এবার মেধার প্রত্যাবর্তন; শিল্প-সংস্কৃতিতে অর্থনীতির নতুন দিগন্ত!


 *উপশিরোনাম:* শিল্পকর্ম, সংগীত ও চলচ্চিত্রের বাণিজ্যিক বিকাশে আয় বাড়ানোর উদ্যোগ, প্রবাসী মেধা দেশে কাজে লাগানোর আহ্বান অর্থমন্ত্রীর।

শিল্প-সংস্কৃতির বিকাশকে অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে ‘ক্রিয়েটিভ ইকোনমি’ বা সৃজনশীল অর্থনীতি নামে নতুন প্রকল্প গ্রহণের পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে বিদেশে অবস্থানরত দক্ষ ও মেধাবী প্রবাসীদের দেশে ফিরিয়ে এনে জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করার মাধ্যমে ‘রিভার্স ব্রেইন ড্রেইন’ বা মেধার বিপরীত প্রবাহ তৈরির আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর হোটেল ওয়েস্টিনের গ্র্যান্ড বলরুমে আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব পরিকল্পনার কথা তুলে ধরেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের শিল্পী ও সৃজনশীল ব্যক্তিরা প্রতিভা ও শ্রম দিয়ে শিল্পকর্ম তৈরি করলেও অনেক ক্ষেত্রে তার যথাযথ আর্থিক মূল্য পান না। ফলে শিল্প-সংস্কৃতির বিশাল সম্ভাবনা অর্থনীতিতে পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। নতুন প্রকল্পের মাধ্যমে শিল্প ও সংস্কৃতিকে অর্থনৈতিকভাবে লাভজনক এবং টেকসই খাতে পরিণত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, চিত্রকলা, ভাস্কর্য, কারুশিল্প, থিয়েটার, সংগীত, সাহিত্য ও চলচ্চিত্রের মতো সৃজনশীল ক্ষেত্রগুলোকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে। এ জন্য শিল্পকর্মের যথাযথ মূল্যায়ন, মানসম্মত প্রকাশনা, দক্ষ শিল্পসমালোচক তৈরি এবং শিল্পকর্মের নিলামব্যবস্থা চালু করা প্রয়োজন। এসব উদ্যোগের মাধ্যমে দেশে শিল্প-সংস্কৃতির একটি কার্যকর বাজার গড়ে তোলা সম্ভব হবে।

ঢাকায় একটি উন্নতমানের থিয়েটার প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান অর্থমন্ত্রী। 

তাঁর মতে, সৃজনশীল অর্থনীতির বিকাশে আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানো জরুরি। বিশেষ করে যুক্তরাষ্ট্রসহ এ খাতে সফল দেশগুলোর সহযোগিতা নেওয়া যেতে পারে।

অনুষ্ঠানে প্রবাসীদের মেধা ও অভিজ্ঞতাকে দেশের উন্নয়নে কাজে লাগানোর বিষয়েও গুরুত্ব দেন তিনি। 

অর্থমন্ত্রী বলেন, বিদেশে কর্মরত ও বসবাসরত বাংলাদেশিদের অর্জিত জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতা দেশের উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত করা গেলে অর্থনীতি আরও গতিশীল হবে। এ জন্য প্রবাসীদের দেশে ফিরে আসার উপযোগী পরিবেশ তৈরি এবং তাঁদের উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করা প্রয়োজন।

আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফ জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের জনসংযোগ পরিচালক স্কট হার্টম্যান।

সর্বশেষ