• ২০২৬ মার্চ ১৮, বুধবার, ১৪৩২ চৈত্র ৩
  • সর্বশেষ আপডেট : ০১:০৩ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ভোক্তাদের অভিযোগে ধনবাড়ি ফিলিং স্টেশনে ইউএনও’র ঝটিকা অভিযান।

  • প্রকাশিত ০২:০৩ পূর্বাহ্ন বুধবার, মার্চ ১৮, ২০২৬
ভোক্তাদের অভিযোগে ধনবাড়ি ফিলিং স্টেশনে ইউএনও’র ঝটিকা অভিযান।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।

ভোক্তাদের অভিযোগে ধনবাড়ি ফিলিং স্টেশনে ইউএনও’র ঝটিকা অভিযান। মজুত ও বিক্রি কার্যক্রমে জোরদার তদারকি।

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে একটি ফিলিং স্টেশনে ঝটিকা অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ নূরজাহান আক্তার সাথী। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে ধনবাড়ি ফিলিং স্টেশনে এ অভিযান চালানো হয়। অভিযানে জ্বালানি তেলের মজুত, বিক্রয় পদ্ধতি এবং সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল—উক্ত ফিলিং স্টেশন থেকে ড্রাম ও ক্যানের মাধ্যমে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে, যা সরকার নির্ধারিত নীতিমালার পরিপন্থী হতে পারে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনও তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টির সত্যতা যাচাই করেন।

অভিযান চলাকালে ইউএনও নিজেই ফিলিং স্টেশনের আন্ডারগ্রাউন্ড ট্যাংক খুলে ডিজেল, অকটেন ও পেট্রোলের মজুত পরিমাণ সরাসরি পরিদর্শন করেন। এ সময় স্টেশনের ম্যানেজার রবিন হোসেন উপস্থিত থেকে প্রতিটি ট্যাংকের জ্বালানির হিসাব বিস্তারিতভাবে তুলে ধরেন এবং সংরক্ষণ ও সরবরাহ সংক্রান্ত তথ্য প্রদান করেন।

জ্বালানি তেল ড্রাম বা ক্যানে বিক্রির বিষয়ে জানতে চাইলে ম্যানেজার জানান, স্থানীয় ইটভাটাগুলোর বিভিন্ন যন্ত্র—যেমন বায়ু মেশিন, বেকু ও মিক্সার—চালাতে নিয়মিত জ্বালানির প্রয়োজন হয়। সেই প্রয়োজন মেটাতেই ভাটা মালিকরা ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহ করেন।

এ বিষয়ে ইউএনও মিজ নূরজাহান আক্তার সাথী স্পষ্ট নির্দেশনা দিয়ে বলেন, ইটভাটা মালিকদের অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্রসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আবেদন করতে হবে এবং সেখানে উল্লেখ থাকতে হবে যে, তারা বিধি মেনেই জ্বালানি সংগ্রহ করছেন। পাশাপাশি স্টেশন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়, সংশ্লিষ্ট ভাটা মালিকদের এ বিষয়ে দ্রুত অবহিত করতে।

অভিযানকালে উপস্থিত কয়েকজন পরিবহন চালক জানান, তারা দীর্ঘদিন ধরে এই ফিলিং স্টেশন থেকে জ্বালানি সংগ্রহ করছেন এবং সেবার মানে সন্তুষ্ট। তাদের মতে, স্টেশনটি নিয়মিতভাবে গ্রাহকদের চাহিদা পূরণ করে আসছে।

অভিযান শেষে ইউএনও বলেন,“সরকার নির্ধারিত নিয়মনীতি মেনে ফিলিং স্টেশন পরিচালনা করতে হবে। কোনো অনিয়ম বা ভোক্তা স্বার্থবিরোধী কার্যক্রম বরদাশত করা হবে না।”

তিনি আরও যোগ করেন,“ভোক্তাদের অধিকার রক্ষা করা প্রশাসনের দায়িত্ব। একই সঙ্গে ব্যবসায়ীদের সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় সহায়তা করাও আমাদের কর্তব্য। সবাই নিয়ম মেনে চললে প্রশাসন সবসময় পাশে থাকবে।”

পরিদর্শন শেষে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ভবিষ্যতে সকল কার্যক্রমে আরও স্বচ্ছতা, জবাবদিহিতা ও নীতিমালা অনুসরণের নির্দেশনা প্রদান করা হয়। স্থানীয়দের মতে, এ ধরনের নিয়মিত তদারকি কার্যক্রম বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং ভোক্তাদের আস্থা আরও সুদৃঢ় করবে।


সর্বশেষ