• ২০২৬ Jul ২৮, মঙ্গলবার, ১৪৩৩ শ্রাবণ ১৩
  • সর্বশেষ আপডেট : ০৭:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

  • প্রকাশিত ০৭:০৭ অপরাহ্ন মঙ্গলবার, Jul ২৮, ২০২৬
রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান
সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত
বিশেষ প্রতিনিধি মোঃ রুহুল আমিন

রাষ্ট্রপতি দায়িত্বে থাকাকালে তাঁর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যায় না। তবে দায়িত্ব গ্রহণের আগে বা দায়িত্ব শেষ হওয়ার পর যদি কোনো ধরনের অভিযোগ বা অসদাচরণের প্রমাণ থাকে, তাহলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে দায়মুক্তি দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের উত্তরে জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে জনমনে কিছু বিভ্রান্তি রয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি দায়িত্বে থাকাকালে কোনো আইনি প্রক্রিয়ার মুখোমুখি হন না। তবে এটি স্থায়ী দায়মুক্তি নয়।

তিনি বলেন, “রাষ্ট্রপতি পদে থাকাকালে তিনি আইনের মুখোমুখি হবেন না। কিন্তু দায়িত্ব গ্রহণের আগে বা দায়িত্ব শেষ হওয়ার পরে যদি কোনো ধরনের অসদাচরণ বা অভিযোগ থাকে, তাহলে সেসব বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে।”

তবে তিনি স্পষ্ট করে বলেন, তাঁর এই মন্তব্য সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে কেন্দ্র করে নয়, বরং এটি সব রাষ্ট্রপতির ক্ষেত্রেই প্রযোজ্য একটি সাধারণ আইনি ব্যাখ্যা।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের অবস্থান

সংবাদ সম্মেলনে জাহেদ উর রহমান জানান, চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করার বিষয়ে সরকারের আগের অবস্থান এখনো বহাল রয়েছে। পাশাপাশি কক্সবাজারকে সিটি করপোরেশন করার প্রক্রিয়াও এগিয়ে চলছে বলে তিনি জানান।

৩২ যুগ্ম সচিবের বাধ্যতামূলক অবসর

২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময় জেলা প্রশাসকের দায়িত্ব পালন করা ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি।

তিনি বলেন, সরকারি চাকরি আইনে কোনো কর্মকর্তার চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলে সরকার প্রয়োজন মনে করলে কারণ দর্শানো ছাড়াই তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে।

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত হয়নি

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না—এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, বাংলাদেশ ব্রিকসের সদস্য নয়; পর্যবেক্ষক (Observer) হিসেবে আমন্ত্রণ পেয়েছে। ফলে সরকার পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রী সম্মেলনে অংশ নেবেন কি না। তিনি আরও জানান, এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বা প্রাথমিক আলোচনা শুরু হয়েছে বলেও তাঁর জানা নেই।

সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদও উপস্থিত ছিলেন।

সর্বশেষ